ক্যালিগ্রাফির নান্দনিকতা, স্থাপত্যের কারুকাজ কিংবা জ্যামিতিক নকশার শৈল্পিক সৌন্দর্য- ইসলামী শিল্পকলার বিস্তৃতি কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ নয়। ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীলতার নানা ধারায় এর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। এই সমৃদ্ধ ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আজ ১৮ নভেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস।
ইসলামী শিল্পকলার ইতিহাস ও বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই দিবসটির সূচনা। ২০১৯ সালে ইউনেসকোর ৪০তম সাধারণ সম্মেলনে ১৮ নভেম্বরকে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাহরাইনের উদ্যোগে গৃহীত এ সিদ্ধান্তের মাধ্যমে ইসলামের অতীত ও সমকালীন শিল্পধারাকে বিশ্বপরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

ইসলামী শিল্পকলা বলতে শুধু মসজিদ, মিনার কিংবা ধর্মীয় স্থাপনার নকশাকে বোঝায় না। এর বিস্তৃত পরিসরে রয়েছে আরবি ক্যালিগ্রাফি, স্থাপত্য, জ্যামিতিক নকশা, চিত্রকলা, সিরামিক, বস্ত্রশিল্প, ধাতুশিল্প ও সংগীত। বিভিন্ন সময় ও অঞ্চলের সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে এসব শিল্পধারা নিজস্ব বৈশিষ্ট্যে বিকশিত হয়েছে।

স্পেন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে উত্তর আফ্রিকা- বিভিন্ন অঞ্চলের শিল্পরীতি ও ঐতিহ্য ইসলামী শিল্পকলাকে সমৃদ্ধ করেছে। ফলে এতে একদিকে যেমন ধর্মীয় ও ঐতিহাসিক প্রভাব রয়েছে, অন্যদিকে ফুটে উঠেছে বিভিন্ন জনগোষ্ঠীর সৃজনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য।
ইউনেসকোর মতে, ইসলামী শিল্পকলা বিভিন্ন শিল্প আন্দোলনকে প্রভাবিত করার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য, মত প্রকাশের স্বাধীনতা, ঐতিহ্য সংরক্ষণ ও আন্তসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে। দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য হলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সাংস্কৃতিক সম্প্রীতি বাড়ানো।

দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্প সংগঠন নানা আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে থাকে শিল্পকর্ম প্রদর্শনী, কর্মশালা, আলোচনা সভা ও শিক্ষামূলক কার্যক্রম। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইসলামী শিল্পকলার ইতিহাস ও নান্দনিকতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
কাতারের দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্টও দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। আয়োজনের মধ্যে রয়েছে ক্যালিগ্রাফি ও অলংকরণবিষয়ক কর্মশালা, প্রদর্শনী পরিদর্শন, শিশুদের গল্পপাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি জাদুঘরের গ্রন্থাগারে বুকমার্ক তৈরি ও শিল্পবিষয়ক ধাঁধার আয়োজন রাখা হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন