যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে পূর্ব এশিয়ায় কৌশলগত বোমারু বিমান মোতায়েন করেছে রাশিয়া। ভিয়েতনামের দানাং বিমানবন্দরে দুটি টিইউ-৯৫ বোমারু বিমানসহ দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান পাঠিয়েছে মস্কো। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের মধ্যেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা তুলে ধরতেই রাশিয়ার এই পদক্ষেপ। একই সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ও চীনকে কৌশলগত বার্তা দেওয়ার বিষয়টিও এতে গুরুত্ব পাচ্ছে।
বুধবার ভিয়েতনামের দানাং বিমানবন্দরে রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করতে দেখা যায়। সঙ্গে ছিল আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহে সক্ষম দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান। ন্যাটোর কাছে টিইউ-৯৫ বিমান ‘বিয়ার’ বা ভালুক নামে পরিচিত। এর আগে মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল থেকে দক্ষিণে উড়ে আসার সময় বিমানগুলোর গতিবিধি নিয়ে সতর্ক হয়ে পড়ে জাপান ও তাইওয়ানের বিমানবাহিনী।
চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) ৩৩তম সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর ঠিক আগে এই উড্ডয়ন ঘটে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা আসিয়ানের বৈঠকে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছিলেন।
সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের নিরাপত্তাবিষয়ক গবেষক ইয়ান স্টোরির মতে, এই মোতায়েনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিজেদের সামরিক সক্ষমতার কথা মনে করিয়ে দিতে চাইছে মস্কো। ইউক্রেনে দীর্ঘদিন ধরে যুদ্ধ চললেও দূরবর্তী অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শনের ক্ষমতা রাশিয়ার রয়েছে, সেটিই তুলে ধরতে চায় দেশটি।
পুরোনো সামরিক সুবিধা ব্যবহারের ইঙ্গিত
ইয়ান স্টোরির তথ্য অনুযায়ী, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমান মোতায়েনের সর্বশেষ ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। সে সময় হ্যানয় রুশ যুদ্ধজাহাজ ও বিমানকে কাম রান উপসাগরের ঘাঁটি এবং দানাং বিমানঘাঁটি ব্যবহারের অগ্রাধিকার দিয়েছিল। স্নায়ুযুদ্ধের সময় কাম রানে রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় সেখানে ও দানাংয়ে ঘাঁটি গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্রও।
২০১৪ সালে দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল রাশিয়া। এগুলোর সহায়তায় প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির কাছাকাছি উড়তে পেরেছিল রুশ টিইউ-৯৫ বোমারু বিমান। এরপর এমন মোতায়েনের আর কোনো ঘটনা তাঁর জানা নেই বলে জানিয়েছেন স্টোরি। তাঁর ধারণা, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের আপত্তির পর এই কার্যক্রম বন্ধ হয়ে থাকতে পারে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ভিয়েতনামবিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ নগুয়েন দ্য ফুয়ং বলেন, গত বছর পুরোনো সামরিক সুবিধা আবার চালুর অনুরোধ করেছিল মস্কো। তবে প্রথমে দ্বিধায় ছিল হ্যানয়। তাঁর মতে, এবারের মোতায়েনের তাৎক্ষণিক উদ্দেশ্য জ্বালানি নেওয়া হলেও এটি ভিয়েতনামের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। ভবিষ্যতে আরও রুশ সামরিক বিমান মোতায়েনের সুযোগও তৈরি হতে পারে।
শীর্ষ বৈঠকের আগে চীনকেও বার্তা?
তাইওয়ানের ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক চিয়ে চুং বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের শীর্ষ বৈঠকের ঠিক আগে এই উড্ডয়নের সময় নির্ধারণ করেছে মস্কো। এর মাধ্যমে চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সহযোগিতার চিত্র তুলে ধরার চেষ্টা থাকতে পারে।
অন্যদিকে, ভিয়েতনামের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর হ্যানয় বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা করলেও রুশ যন্ত্রাংশ ও কারিগরি সহায়তার ওপর এখনো নির্ভরশীল। বিশ্লেষকদের মতে, রুশ বিমান মোতায়েনের অনুমতি দিয়ে চীনকেও নিজেদের কৌশলগত অবস্থান সম্পর্কে বার্তা দিতে পারে ভিয়েতনাম।
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকা নিয়ে বেইজিং ও হ্যানয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ পরিস্থিতিতে চীনের প্রভাবের ভারসাম্য রক্ষায় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করে ভিয়েতনাম। ফলে সাম্প্রতিক এই সামরিক বিমান মোতায়েন শুধু রাশিয়ার শক্তি প্রদর্শন নয়, বরং পূর্ব এশিয়ার ভূরাজনীতিতেও নতুন কৌশলগত বার্তা বহন করছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন