বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত জাদুঘর এবং উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে সৌদি আরবের মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার। নতুন এই দুই স্বীকৃতির ফলে স্থাপনাটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা বেড়ে অন্তত পাঁচটিতে পৌঁছেছে।
মসজিদুল হারামের পাশে অবস্থিত টাওয়ারটির জন্য সম্প্রতি দুটি সনদ গ্রহণ করেছে মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিতে উঠে এসেছে স্থাপনাটির অভাবনীয় উচ্চতায় থাকা দুটি দর্শনীয় স্থান।
গিনেসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার ওপরে অবস্থিত। অন্যদিকে, এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। এই ডেক থেকে মসজিদুল হারামসহ মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার মিউজিয়াম। টাওয়ারটির সর্বোচ্চ চারটি তলায় থাকা এই জাদুঘরে স্থান পেয়েছে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত নানা বিষয়। জাদুঘরের উচ্চতা নির্ধারণে ভূপৃষ্ঠ থেকে মিলিমিটার পর্যন্ত পরিমাপ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
৬০১ মিটার উঁচু স্থাপনার বিশেষত্ব
মক্কার ক্লক টাওয়ারের মোট উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। পবিত্র মসজিদুল হারামের পাশের আবরাজ আল-বাইত কমপ্লেক্সের সাতটি সুউচ্চ ভবনের একটি এই টাওয়ার। কমপ্লেক্সটির নির্মাণকাজ করেছে সৌদি বিনলাদিন গ্রুপ। ঘড়ির ওপর থাকা ৭১ মিটার উঁচু চূড়াটি ভবনটির মোট উচ্চতায় বিশেষ ভূমিকা রেখেছে।
টাওয়ারটির চারদিকে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার। লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় এগুলো প্রায় ছয় গুণ বড়। এই বিশাল ঘড়ির ডায়ালের জন্য ২০১১ সালের ২৮ নভেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় স্থাপনাটি।
এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ডও ছিল মক্কার এই স্থাপনার দখলে। এবার জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি যুক্ত হওয়ায় এর রেকর্ডের তালিকা আরও সমৃদ্ধ হলো।
দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্য
রয়্যাল কমিশনের ভাষ্য অনুযায়ী, নতুন স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টাকে তুলে ধরে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হজ ও ওমরাহ পালনকারী এবং অন্যান্য পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কমিশন মনে করে, মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে সামনে এনে শহরটির আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ানো সম্ভব। নতুন গিনেস স্বীকৃতিগুলো সেই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন