পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

‘ফেসবুকের স্ট্যাটাস দেখে দেখে তাদের ধরে আনতে হবে। অবৈধ সংগঠনের এখানে-সেখানে মিছিল করার চেষ্টা করলে তারা কেউ ঘরে থাকতে পারবেন না। সাবধান হয়ে যান।’

নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে চট্টগ্রামের পটিয়ায় বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন চট্টগ্রাম-১২ পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম।

এমপি এনামুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পটিয়ার ভেল্লাপাড়া থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে মোজাফফরাবাদ ঘুরে পটিয়া ইন্দ্রপুলস্থ মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচিটি শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে শোনা যায় ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবোনা। আপা আপা করিসনা, তোদের আপা আইবোনা। একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।’

বক্তব্যে এমপি এনাম বলেন, কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে শুধু পটিয়া নয়, বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে তাড়াতে হবে। গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে তারা কোনো প্রশাসনের সহযোগিতা নেননি বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো প্রান্তে তাদের ভাইদের ওপর আঘাত করা হলে ছাড় দেওয়া হবে না। ‘পাল্টা আঘাত চলবে, পাল্টা আক্রমণ চলবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। এনামুল হক এনাম বলেন, ‘আজ থেকে মাঠে নেমেছি। যেখানে নিষিদ্ধ সংগঠনের মিছিল হবে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে তাদের ধরে আনতে হবে।’

পটিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন
পটিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

তিনি জানান, জনগণের জানমাল রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের দায়িত্ব দিয়েছেন এবং এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনসহ উপজেলা ,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।