কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
দুই দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২০ নভেম্বর) উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে জারি করা সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়। সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রটোকল, যাতায়াত, আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকায় নিজের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর রাত ৮টায় সার্কিট হাউসে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
পরদিন শুক্রবার সকাল ৮টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করবেন তিনি। সকাল ৯টা থেকে ক্যাম্প পরিদর্শন ও অন্যান্য কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দুপুর ১২টায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে একই বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
সরকারি সফরসূচিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের দুই থেকে তিনজন কর্মকর্তা তাঁর সফরসঙ্গী হতে পারেন। সফর উপলক্ষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উখিয়া ও টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থাকে সফরের বিষয়ে অবহিত করা হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে ড. খলিলুর রহমানের এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শরণার্থীদের পরিস্থিতি ও তাঁদের প্রয়োজন সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন