রাজধানীর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে ধারাবাহিকভাবে নাগরিক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে আরও ৬০ দিন যুক্ত করে মোট ১০০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনে দলীয় পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। সমাবেশকে ঘিরে মিছিল, সভা ও গণসংযোগও চলবে। জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনের নেতাকর্মীরাও এতে যুক্ত হবেন। রমজান মাসে ধর্মীয় পরিবেশ বিবেচনায় ইফতার মাহফিল ও গণসংযোগের মতো কর্মসূচি রাখা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সেলিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, রাজধানীসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নাগরিকের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সরকারি দাবি এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়।
এ পরিস্থিতিতে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন সেলিম উদ্দিন। তাঁর দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে কাজের পরিবেশ দেওয়া। এ ছাড়া চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ নাগরিক ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক বক্তব্য, বৈধ আন্দোলন ও কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের নামে বোমাবাজি, অস্ত্রের ব্যবহার কিংবা সাধারণ মানুষের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায় থেকে কাউকে রেহাই দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সরকারের সমালোচনা করেন সেলিম উদ্দিন। তাঁর অভিযোগ, সরকার সনদে স্বাক্ষর করার পাশাপাশি জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ সনদের পক্ষে মত দেওয়ার পরও রাষ্ট্রীয় সংস্কারের কাজে সরকার আগ্রহ দেখাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদী আচরণের চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সনদ বাস্তবায়নে সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় সংস্কারের আহ্বান জানান জামায়াত নেতা।
সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করলেও জনগণের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। একই সঙ্গে নগরবাসীকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার, উসকানি এড়িয়ে চলার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার কথাও বলেন তিনি।
এদিকে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানান সেলিম উদ্দিন। তাঁর দাবি, অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই কয়েক ডজন সেবা পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে পৃথক সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি সচেতনতামূলক আরও কিছু প্রচারাভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন