চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে পুলিশের একটি টহল ভ্যানে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ছয় পুলিশ সদস্যই জোরারগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত। তাঁদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যানটি নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।