নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে দেশীয় অ-.স্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দেশীয় অ-.স্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে- এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়।
পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অ-.স্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। তবে চক্রের অপর সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রেজাউল করিমের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত মোট পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ এবং অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন