রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরানোর লক্ষ্যে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ জন্য জাতিসংঘ, আঞ্চলিক অংশীদার এবং দ্বিপক্ষীয় সহযোগীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি করতে বাংলাদেশ জোরালোভাবে আলোচনা চালাবে।
তবে প্রত্যাবাসনের সময়সীমা নির্ভর করছে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা ও সুরক্ষার পরিবেশ নিশ্চিত হওয়ার ওপর। রোহিঙ্গারা যেন ভয়ভীতি ছাড়াই নিজেদের বাড়িতে ফিরতে পারেন এবং সেখানে নতুন করে জীবন শুরু করতে পারেন, সেটিই বাংলাদেশের লক্ষ্য। এ পরিবেশ তৈরিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করবে ঢাকা।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণের দাবি আদায়ে বাংলাদেশকে শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে। তাঁর মতে, দীর্ঘদিনের এই সংকটের কার্যকর সমাধান হলো দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতেও জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।
ক্ষতিপূরণ আদায়ে শুধু মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ওপর নির্ভর করা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। তিনি বলেন, হারানো জীবন কিংবা স্বজন হারানোর বেদনা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেঁচে থাকা পরিবারগুলোকে নিজ দেশে ফিরে নতুনভাবে জীবন গড়তে সহায়তা করার চেষ্টা করবে বাংলাদেশ। গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুললে জাতিসংঘের কাঠামোর মধ্যেই এ বিষয়ে কাজ করার কথা জানান তিনি।
রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। জবাবে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবে ঢাকা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।
আইসিজের রায়ের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আদালত ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছে। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করা হলো। রায়ে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের বিষয়টিও উঠে এসেছে। কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার সংকুচিত করার বিষয়টি আদালত পর্যবেক্ষণ করেছে।
প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যর্থতার পাশাপাশি ২০২০ সালে আদালতের দেওয়া অন্তর্বর্তী আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণেও মিয়ানমার ব্যর্থ হয়েছে। আদালত দেশটিকে গণহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন, চলমান লঙ্ঘন বন্ধ এবং অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজনদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থাও করতে হবে।
হুমায়ুন কবির বলেন, রায়ে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ক্ষতিপূরণ, আগের অবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয় রয়েছে। রায়টি চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য তা আইনত বাধ্যতামূলক বলেও জানান তিনি।
মামলাটি ২০১৯ সালের ১১ নভেম্বর দায়ের করায় গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি ওআইসি এবং আদালতে লিখিত বক্তব্য জমা দেওয়া ১১টি দেশকেও ধন্যবাদ জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রচেষ্টা এবং কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় মানুষের সহযোগিতার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হুমায়ুন কবির। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতি আহ্বান জানান তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন