‘অনেক হয়েছে, আর না’- এবার এই বার্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা আবারও ষড়যন্ত্র ও সহিংসতার পথে হাঁটতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারও মানুষের অধিকার কেড়ে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের মতো দেশের সব দল ও মতের মানুষকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সন্ত্রাস, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কথাও বলেন সরকারপ্রধান।
সরকার সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, যে গোষ্ঠী এখন ষড়যন্ত্রে লিপ্ত, তারা একসময় মানুষের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। ওই সময়ে মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ডামি নির্বাচন দেখতে চায় না বলে জানান তারেক রহমান।
এ সময় উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খুলনা থেকে লালমনিরহাট, রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। এতে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীরা উত্তরাঞ্চলে কলকারখানা স্থাপনে আগ্রহী হবেন। এর ফলে রংপুর বিভাগের কর্মসংস্থান সংকট অনেকটাই কমে আসতে পারে। খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন ও মানুষের জীবনমান উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন