বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন এক গবেষণা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির নতুন প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে। খবর আরব নিউজের।
পিউর হিসাব বলছে, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, আর মুসলমানের সংখ্যা ছিল ২০২ কোটি। তবে ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে ২৫২ কোটিতে। অর্থাৎ, ওই সময়েই অনুসারীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুসলমানদের।
এই ব্যবধান আগামী দশকগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬৪ কোটির কাছাকাছি। তখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবেন মুসলমান। অন্যদিকে, খ্রিষ্টানদের সংখ্যা প্রায় ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। তবে মুসলিম জনসংখ্যা এগিয়ে গেলেও খ্রিষ্টানদের সংখ্যা বাড়তে থাকবে বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কী
পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে বলা হয়েছে, মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার এবং তরুণ জনসংখ্যা। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।
জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১ সন্তান জন্মদানের হারকে প্রয়োজনীয় মান হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে মুসলিম ও খ্রিষ্টান- উভয় জনগোষ্ঠীর জন্মহার এই সীমার ওপরে থাকলেও মুসলমানদের ক্ষেত্রে তা তুলনামূলক বেশি। পিউর জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেটের ভাষায়, জনসংখ্যা বৃদ্ধির মূল বিষয়টি হলো শিশুর সংখ্যা। ধর্মান্তরের তুলনায় জন্ম ও মৃত্যুর ব্যবধানই বৈশ্বিক জনসংখ্যা পরিবর্তনে বেশি প্রভাব ফেলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু। একই সময়ে খ্রিষ্টান মায়েদের সন্তান জন্মের সংখ্যা ছিল প্রায় ২০ কোটি ৮০ লাখ। ফলে জন্মহারের পার্থক্য আগামী কয়েক দশকে দুই ধর্মীয় জনগোষ্ঠীর জনসংখ্যার ব্যবধান বাড়াতে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় কমতে পারে খ্রিষ্টানদের সংখ্যাগরিষ্ঠতা
উত্তর আমেরিকার ধর্মীয় জনসংখ্যাতেও পরিবর্তনের আভাস দিয়েছে পিউ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা সংখ্যায় সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী থাকলেও ২০৬৫ সালের মধ্যে দেশটিতে তাদের অংশ ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ খ্রিষ্টান।
কানাডায় এ পরিবর্তন আরও আগেই ঘটতে পারে। ২০৩০ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যায় খ্রিষ্টানদের অংশ ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশেই ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়াকে এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এই জনগোষ্ঠীর মধ্যে নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত নন- এমন ব্যক্তিরা রয়েছেন।
পিউর পূর্বাভাসে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ধর্মীয় পরিচয়হীন মানুষের অংশ ৪১ শতাংশে পৌঁছাতে পারে। একই সময়ে কানাডায় এ জনগোষ্ঠীর সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। তবে এসবই বর্তমান প্রবণতার ভিত্তিতে তৈরি জনমিতিক হিসাব, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।
আফ্রিকায় বাড়বে খ্রিষ্টান ও মুসলমানের সংখ্যা
বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ আগামী কয়েক দশকে ঘটতে পারে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে। এ অঞ্চলে খ্রিষ্টান ও মুসলমান- দুই ধর্মের অনুসারীই বিপুলসংখ্যায় বসবাস করেন। উচ্চ জন্মহার এবং জনসংখ্যার বয়স কাঠামোর কারণে সেখানে উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে বলে ধারণা করছে পিউ।
প্রতিবেদন অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট খ্রিষ্টান জনসংখ্যার অর্ধেকেরও বেশি সাহারা-নিম্ন আফ্রিকা অঞ্চলে বসবাস করতে পারেন। খ্রিষ্টান জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশটিতে খ্রিষ্টানদের সংখ্যা ২০২০ সালের ৯ কোটি ২০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ২৯ কোটি ৯০ লাখ হতে পারে।
অন্যদিকে, ইউরোপে সামগ্রিক জনসংখ্যা কমার পাশাপাশি খ্রিষ্টানদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। পিউর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইউরোপের জনসংখ্যা ১৭ শতাংশ কমতে পারে। এ অঞ্চলে খ্রিষ্টানদের সংখ্যা ৫০ কোটি ৫০ লাখ থেকে নেমে প্রায় ৩২ কোটি ৪০ লাখে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে। একই সময়ে ইউরোপের মোট জনসংখ্যায় মুসলমানদের অংশ ৬ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৩ শতাংশ হতে পারে।
পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ
মুসলিম জনসংখ্যার দেশভিত্তিক অবস্থানেও পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থাটি। বর্তমানে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়ায়। তবে ২০৭০ সালের মধ্যে পাকিস্তান এ অবস্থান দখল করতে পারে। এরপর মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
পিউর হিসাবে, পাকিস্তানে মুসলমানের সংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ৪৬ কোটি ১০ লাখ হতে পারে। এদিকে, বিশ্ব জনসংখ্যা ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ২৯ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় মুসলমানের সংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে।
হিন্দু ও ইহুদিদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কিছুটা কমতে পারে। অন্যদিকে, বৌদ্ধদের সংখ্যা ও বৈশ্বিক জনসংখ্যায় তাদের অংশ- দুটিই হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামগ্রিক জনসংখ্যা কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে পিউ।
সংস্থাটি জানিয়েছে, ২০১টি দেশ ও অঞ্চলের জনমিতিক তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে। এতে জন্মহার, মৃত্যুহার, অভিবাসন, বয়স কাঠামো এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষণাটি বর্তমান প্রবণতা অব্যাহত থাকার শর্তে তৈরি; যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক-অর্থনৈতিক পরিবর্তনের মতো ভবিষ্যৎ ঘটনাগুলো এতে নিশ্চিতভাবে হিসাব করা সম্ভব হয়নি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন