জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১২ নম্বর আদালতের বিচারক রিপন হোসেন এ আদেশ দেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার সাদেকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, নুরুল ইসলাম নাহিদ আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তবে তিনি ছদ্মবেশ ধারণ করে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন বলে দাবি করেন এই আইনজীবী। তার বিরুদ্ধে হত্যা ও হামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল আদালতে নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণে ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

পুলিশের আবেদনে আরও উল্লেখ করা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে নুরুল ইসলাম নাহিদ নিজের কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তা। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে নুরুল ইসলাম নাহিদের রিমান্ড চাওয়া হতে পারে বলেও আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলাটিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।