বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদে নতুন নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে বর্তমান ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার আগের সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর ফলে আনসারের নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে নিয়োগ এবং বর্তমান ডিজিকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আগের আদেশ কার্যকর থাকছে না।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বর্তমান প্রেষণ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

একই আদেশে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

তবে মঙ্গলবারের নতুন প্রজ্ঞাপনে ১৫ নভেম্বরের ওই আদেশ বাতিল করা হয়েছে। ফলে আগের নিয়োগ ও প্রত্যাবর্তনসংক্রান্ত সিদ্ধান্ত আর বহাল থাকছে না।