আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি জেলার শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হচ্ছে।
সফরকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলোও সফরের আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের ভবিষ্যৎ নিয়েও আলোচনার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান দুটি কার্যক্রমে পিছিয়ে রয়েছে। এগুলো পুনরুজ্জীবিত করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় শিল্পায়নের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রীর এ সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর আশা, সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
প্রধানমন্ত্রীর সফরের খবরে স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে হাসপাতাল উদ্বোধন এবং পুরোনো শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরায় সচল করার বিষয়ে কী উদ্যোগ নেওয়া হয়, সেদিকে নজর রাখছেন কুষ্টিয়ার বাসিন্দারা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন