নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসে। এতে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলার পর গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ গ্রেপ্তারের দিন থেকেই তাঁর বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন জাহাঙ্গীর আলম। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন