পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

“দুই বছর ধরে লাল রঙের একটি গরু লালনপালন করে আসছিলাম। গোয়ালঘরের তালা ভেঙে গরুটি চুরি করে নিয়ে গেছে। আমার গরু ফেরত চাই” কান্নাবিজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের পটিয়ার আবদুল নবীর স্ত্রী বিবি মরিয়ম।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কালিয়াইশ এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

গরুর মালিক আবদুল নবী জানান, গরুটি তার নিজের নয়। এক বন্ধু তাকে লালনপালনের জন্য গরুটি দিয়েছেন। তিনি গত দুই বছর ধরে গরুটির লালনপালন করে আসছেন। গরুটির রং লাল এবং এটি আট মাসের গাভী। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে জানান তিনি।

পটিয়ায় গরু চুরির ঘটনায় পরিবারের আকুতি
পটিয়ায় গরু চুরির ঘটনায় পরিবারের আকুতি

আবদুল নবী বলেন, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। পরে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুটি নেই। তার ধারণা, রাত আনুমানিক দুইটা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় গরুটি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় বাসিন্দা জহির বলেন, গরুটি অত্যন্ত কষ্ট করে লালনপালন করা হয়েছে। এভাবে গরুটি চুরি হয়ে যাওয়ার ঘটনা খুবই কষ্টের।

স্থানীয় কৃষক আবদুল গফুর বলেন, “আমরা গরিব মানুষ। গরু-ছাগল লালনপালন করে সংসার চালাই। এভাবে চুরি হলে আমরা বাঁচব কীভাবে?” তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।