পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
খেলনা গাড়ি বহনের আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা আলিফ ও আকাশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, খেলনা গাড়ি বহনের আড়ালে ইয়াবা পাচারের উদ্দেশ্যে তাঁরা কক্সবাজারের ঈদগাঁও থেকে কয়েক দফা গাড়ি পরিবর্তন করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, চক্রটির সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন পেশার পরিচয় ব্যবহার করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাদক পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। কক্সবাজার থেকে খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক রামেশ্বর দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিক্রির জন্য নেওয়া খেলনার ভেতর থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের পটিয়া থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় চক্রটির মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতা ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন