চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের দিকনির্দেশনা এবং কেন্দ্রীয় ছাত্রদল ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নৈরাজ্য চালাতে চায়। ছাত্রদল রাজপথে থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে। চন্দনাইশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনা অনুযায়ী তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন এবং জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধ। দেশের শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার। তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণকে ভয় দেখানো যাবে না। চন্দনাইশের বিএনপি পরিবার জনগণের পাশে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।