চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিছাহাট খাঁন বটতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিছাহাট খাঁন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী দিক থেকে আসা মুরগির বাচ্চা বহনকারী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে খাঁনহাটের দিকে আসা গাজী পানির ট্যাংক বহনকারী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

চন্দনাইশে দুই ট্রাকের ভয়াবহ সংঘর্ষ
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক।

দুর্ঘটনায় দুই ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুপুরে খাঁন বটতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।