চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দুটি নিয়মিত মামলায় তিনজনসহ মোট চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজন আসামিও রয়েছেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত রবিবার (৮ নভেম্বর) রাত ১০টা থেকে সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১১, ১২ ও ১৩ ধারার মামলায় (মামলা নং-০৮) চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারার মৃত আহমদ নবীর ছেলে ফৌজুল আজিম ওরফে ফজু (৫০) এবং দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাছানদণ্ডি কাজীর পাড়ার জহির আহমদের ছেলে মো. হৃদয় (২৪) গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা অপর একটি মামলায় (মামলা নং-০৪, জিআর-১৫৮) ফৌজুল আজিম ওরফে ফজু ও একই এলাকার মৃত আহাম্মদ নবীর ছেলে আবু সুফিয়ানকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় করা হয়। অভিযানে ফৌজুল আজিম দুটি মামলাতেই গ্রেপ্তার হয়েছেন।

এর বাইরে মোবাইল কোর্ট মামলা নং-১৮৬/২৬-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোহাম্মদ আকিবকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি গাছবাড়িয়ার সৈয়দ পাড়ার (৮ নম্বর ওয়ার্ড) মোহাম্মদ রফিকের ছেলে। ৮ নভেম্বর মোবাইল কোর্ট তাকে এ সাজা দেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।