রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। সড়কে চলাচল, গণপরিবহনে যাতায়াত এমনকি সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ে নতুন করে নিরাপত্তার প্রশ্ন উঠেছে।
গত কয়েক দিনে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া গেছে। কখনো জনবহুল সড়কে বিস্ফোরণ, কখনো বাসে আগুন, আবার কোথাও মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ এবং দুটি বাসে অগ্নিসংযোগের খবর আসে। ফার্মগেট ও মিরপুর এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রাঙ্গণ, উত্তরা, তেজগাঁও, আদাবর ও বনানীসহ বিভিন্ন স্থানেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে পুলিশের স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার আশপাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
রাজধানীর বাইরেও একাধিক জেলায় একই ধরনের ঘটনা ঘটেছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি বাসে আগুন দেওয়া হয়। মানিকগঞ্জে সরকারি ও পুলিশি স্থাপনার আশপাশে বিস্ফোরণের পাশাপাশি একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। গোপালগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। চট্টগ্রামের হাটহাজারীতে বাস ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার এবং পেট্রোলবোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। রংপুর, বাগেরহাট ও শরীয়তপুরেও নাশকতার বিভিন্ন খবর পাওয়া গেছে।
তবে এসব ঘটনার মধ্যে সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয় ফরিদপুরে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবহনশ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
নিরাপত্তার শঙ্কা এখন সাধারণ পরিবারের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। কয়েকজন অভিভাবক জানিয়েছেন, সন্তানদের পরীক্ষা বা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। একইভাবে সন্ধ্যার পর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে মানুষের উপস্থিতি কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পরিবহনচালকদেরও ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
এদিকে পুলিশ বলছে, পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীতে আগের ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টার ঘটনায় অন্তত ৩৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সবার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদেও আলোচনা হয়। বিরোধী দলের নেতারা সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান। তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে পুরো দেশের পরিস্থিতিকে ভয়াবহ বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র মোকাবিলার কথা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। তার মতে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা প্রয়োজন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন