বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত এক চিকিৎসককে মারধরের অভিযোগে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, চিকিৎসকের ওপর হামলার পর গ্রেপ্তার এড়াতে ওই বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

পুলিশ জানায়, বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুরঞ্জিত দাসের ওপর হামলার খবর পাওয়ার পর থেকেই ইমরান খানকে ধরতে অভিযান শুরু হয়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি ভরপাশা ইউনিয়নে সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখার সময় চিকিৎসক সুরঞ্জিত দাসের চেম্বারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে ওই চেম্বারে যান। তখন সেখানে একজন নারী রোগী থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। এ বিষয়টি তিনি ছেলেকে জানান।

কিছুক্ষণ পর ইমরান খান তিন থেকে চারজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন। সেখানে তারা চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ ও গালাগাল শুরু করেন। একপর্যায়ে সুরঞ্জিত দাসকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চিকিৎসক নিজের কক্ষ ছেড়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে গিয়ে আশ্রয় নেন।

চিকিৎসক সুরঞ্জিত দাস জানান, রোগীকে অপেক্ষা করতে বলার কারণেই ইমরান খান তার চেম্বারে এসে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করা হয়। ঘটনার পর তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন বলেও জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপির সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসককে মারধর ও হামলার ঘটনায় ইমরান খানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।