চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদা দাবিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। দাবিকৃত চাঁদা না দিলে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়। এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আসামিরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব গুরুতর অভিযোগ তুলে ধরেন মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতি ও মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ রফিক।
লিখিত বক্তব্যে রফিক জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে ওই এলাকার ব্যবসায়ীরা বর্তমানে চরম অতিষ্ঠ। গত ২ নভেম্বর দুপুরে রিয়াদ আহসানের নেতৃত্বে ১০ থেকে ১১ জনের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক ঢুকে হামলা চালায়। এ সময় তারা তার ছেলে হৃদয় এবং প্রতিষ্ঠানের দুই কর্মী সাগর ও মালেককে বেধড়ক মারধর করে। ১০ লাখ টাকা চাঁদা দাবির তীব্র প্রতিবাদ করায় রফিককেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
রফিকের অভিযোগ, এক সপ্তাহের মধ্যে দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়া হয়। রফিক জানান, এ ঘটনার পুরো বিষয়টি তার প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনার পর প্রথমে সদরঘাট থানায় গেলে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে বলে জানান তিনি। পরবর্তীতে গত ৪ নভেম্বর চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন রফিক। আদালত এই অভিযোগটি আমলে নিয়ে থানায় এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তবে তিনি অভিযোগ করে বলেন, রিয়াদসহ অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ অদৃশ্য কোনো কারণে তাদের এখনও গ্রেপ্তার করছে না।
সংবাদ সম্মেলনে মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ব্যবসায়ী লোকমান হাকিম, মুহাম্মদ ফরিদুল আলম, আতিকুল ইসলাম নয়ন, নওশাদ আলী খান, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন