চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনে গতকাল গভীর রাতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল পরিকল্পিতভাবে ভবনের ৮টি সরকারি অফিসের তালা ভেঙে কম্পিউটারের হার্ডডিস্ক, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার সকালে অফিস খুলতে এসে কর্মচারীরা তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

যেসব অফিসে চুরি হয়েছে: চুরি হওয়া অফিসগুলো হলো-সমবায় অফিস-১টি কক্ষ, ডিজিটাল অফিস - ১টি কক্ষ, কৃষি অফিস-২টি কক্ষ, এলজিইডি অফিস - ৪টি কক্ষ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস-১টি কক্ষ।

প্রাথমিকভাবে জানা গেছে, সমবায় অফিস থেকে নগদ ৪ হাজার ৫শত টাকা চুরি হয়েছে। এছাড়া বিভিন্ন অফিসের কম্পিউটার থেকে হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোরেরা। অন্যান্য অফিস থেকে ঠিক কি কি খোয়া গেছে, তা এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।

এ সময় তাঁরা চুরি যাওয়া প্রতিটি কক্ষ ঘুরে দেখেন, আলামত পরীক্ষা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “চুরির ঘটনায় তদন্ত চলছে। ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।