কুমিল্লা প্রতিনিধিঃ আবুল কালাম
কুমিল্লার দেবিদ্বারে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে।
গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামে ফ্যামিলি কার্ডের আবেদন ও তথ্য সংগ্রহের কথা বলে প্রথমে ৩০০ টাকা এবং কার্ড পাওয়ার পর আরও ২ হাজার টাকা করে নেওয়ার চুক্তির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ৮-১০ জন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সুমি বেগমসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মহিউদ্দিন ছাত্রদলের পরিচয় ব্যবহার করে এভাবে অর্থ আদায় করছেন। তবে অভিযুক্ত মহিউদ্দিন টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এ জন্য টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
ঘটনাটি জানার পর দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা সরেজমিন এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন