ছরের পর বছর ধরে অনেকেই লক্ষ্য করেন যে তাদের ঠোঁট ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। বিশেষ করে ধূমপায়ীরা প্রায়ই এই কথা শুনে থাকেন যে তাদের ঠোঁট কালো হওয়ার পেছনে মূলত সিগারেটই দায়ী। কিন্তু ধূমপান ঠিক কীভাবে আপনার ঠোঁটের রঙের এত বড় পরিবর্তন ঘটায় তা অনেকেরই অজানা। চিকিৎসা বিজ্ঞান বলছে ধূমপানের কারণে ঠোঁট কালো হওয়ার প্রধান কারণ হলো নিকোটিন, তাপ এবং ধোঁয়া। এগুলো মূলত ঠোঁটের পাতলা ত্বককে অতিরিক্ত রঞ্জক পদার্থ তৈরি করতে বাধ্য করে।

সিগারেটে থাকা নিকোটিনসহ ধোঁয়ার বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ত্বকের মেলানোসাইট নামক কোষকে উদ্দীপ্ত করতে পারে। এই বিশেষ কোষগুলোই মেলানিন তৈরি করে যা মূলত আমাদের ত্বকের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। চিকিৎসকেরা এই প্রক্রিয়াটিকে স্মোকার্স মেলানোসিস বলে থাকেন। এছাড়া সিগারেটের তাপ এবং ধোঁয়া ঠোঁটের পাতলা চামড়ায় বারবার জ্বালাপোড়া সৃষ্টি করে। এই ক্ষত সেরে ওঠার সময় এটি ঠোঁটে স্থায়ী কালো দাগ রেখে যেতে পারে যাকে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন বলা হয়।

ধোঁয়া সরাসরি ঠোঁটকে শুষ্ক করে ফেলে এবং ছোট রক্তনালীগুলোকে দ্রুত সংকুচিত করে দেয়। রক্ত সরবরাহ কমে যাওয়ার অর্থ হলো ঠোঁটের যেকোনো নিরাময় প্রক্রিয়া অত্যন্ত ধীর হয়ে যাওয়া। আমাদের ঠোঁটের ত্বক খুবই পাতলা হয় এবং এতে কোনো তেল গ্রন্থি থাকে না। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁটের প্রাকৃতিক সুরক্ষাও খুব কম থাকে। তাই সূর্যের আলো এই কালো দাগকে আরও অনেক বেশি গভীর ও স্থায়ী করতে পারে।

গ্লোবাল মেডিকেল অ্যান্ড হেলথ কমিউনিকেশন জার্নালে ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ৩৮ জন সক্রিয় ধূমপায়ীর সঙ্গে ৬২ জন অধূমপায়ীর তুলনা করা হয়েছিল। অংশগ্রহণকারী সকলেই পুরুষ ছিলেন। সেই গবেষণায় ধূমপানের সঙ্গে ঠোঁট, মাড়ি এবং দাঁতের বিবর্ণতার একটি উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। গবেষকরা উল্লেখ করেছেন যে ধূমপায়ীদের মাড়ি এবং ঠোঁটে প্রচুর পরিমাণে মেলানোসিস দেখা যায়।

অনেকের মনেই প্রশ্ন জাগে ধূমপান ছেড়ে দিলে ঠোঁটের রং স্বাভাবিক হয় কি না। চিকিৎসকরা জানান ধূমপান ছাড়ার পর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই ঠোঁটের রং ধীরে ধীরে হালকা হয়ে যায়। তবে যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন তাদের ক্ষেত্রে এটি পুরোপুরি আগের অবস্থায় নাও ফিরতে পারে। আবার সব ধূমপায়ীরই যে ঠোঁট কালো হবে এমন কোনো কথা নেই। জিনগত বৈশিষ্ট্য, ত্বকের রং, সূর্যের আলো এবং একজন ব্যক্তি কতদিন ধরে কী পরিমাণে ধূমপান করছেন তার ওপর সবকিছু নির্ভর করে।

শুধু ধূমপান নয় বরং কড়া রোদ, কিছু লিপস্টিক বা প্রসাধনী, অ্যালার্জি, নির্দিষ্ট কিছু ওষুধ, আয়রন বা ভিটামিনের মারাত্মক অভাব এবং কিছু শারীরিক অসুস্থতার কারণেও ঠোঁট কালো হতে পারে। সাধারণত স্মোকার্স মেলানোসিস নিরীহ হয়ে থাকে। তবে নাইজেরিয়ান ডেন্টাল জার্নালে ২০২৩ সালের একটি পর্যালোচনায় এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৬টি গবেষণার ওই পর্যালোচনায় কিছু নীরব মেলানোমার কথা বলা হয়েছে যা মূলত একটি মারাত্মক ত্বকের ক্যান্সার। অনেক সময় এই ক্যান্সারটিকে নিরীহ স্মোকার্স মেলানোসিস বলে ভুল করা হয়েছিল। তাই চিকিৎসকরা অনুরোধ করেছেন ঠোঁটের কালো ছোপকে সাধারণ বা নিরীহ বলে ধরে না নিয়ে প্রয়োজনে বায়োপসি করার কথা বিবেচনা করতে হবে। কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে রোগ নির্ণয় করা উচিত নয়।