দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই চট্টগ্রাম নগরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার ওই বাড়িটিতে আগুন দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি মোজাম্মেল আরও জানান, ভবনটির নিচতলা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে কেউ বসবাস করেন না। তবে বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। এ ঘটনার পর ওই বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ড. মুহাম্মদ ইউনূসের মূল পৈতৃক নিবাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তবে তাঁর বাবার ব্যবসার সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়িটি নির্মাণ করা হয় এবং এখানেই ড. ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে।

এর আগে কয়েক দিন পূর্বে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় এবং সম্প্রতি দেশের আরও বেশ কয়েকটি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের বিষয়টি তুলে ধরেন। এর জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, সহিংসতার প্রতিটি ঘটনাই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।