যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম সুমন বর্তমানে কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম হাসানুর রহমান আসাদ।
মামলার অভিযোগ অনুযায়ী, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করতেন। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন তিনি। ওই সময় ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জাপটে ধরেন এবং চুমু দেন বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করেন।
পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ২০২৩ সালের ১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করেন শার্শার গোড়পাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন