অর্থনৈতিক চাপ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যেও শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ অব্যাহত রেখেছে সরকার। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত করেন জোনায়েদ সাকি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করা স্বাভাবিক বিষয়। কারণ দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতিও দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে। এমন পরিস্থিতিতেও শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেকে সরকার সরে আসেনি।

তিনি জানান, শ্রমিক ও মালিক উভয় পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়েই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। শ্রমিকরা তাদের দাবি ও প্রত্যাশার কথা জানাবেন, অন্যদিকে মালিকপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরবে। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

জোনায়েদ সাকি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশে প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছিল। বর্তমান সরকারও সেই নিয়ম অনুসরণ করছে। তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসায় নতুন করে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মজুরি বোর্ডের কার্যক্রম নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, শ্রমিক প্রতিনিধি মনোনয়নের পরদিনই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্প খাতের ভবিষ্যৎ নিয়েও শ্রমিকদের স্বার্থকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, দেশের শিল্প ও কলকারখানার টেকসই বিকাশের জন্য শ্রমজীবী মানুষের অধিকার এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। জোনায়েদ সাকির আশঙ্কা, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। এ কারণে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোনো পক্ষ অরাজকতা তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। অতীতে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছিল, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে।

মাজার জিয়ারত ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সময় জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।