জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পরস্পরবিরোধী বক্তব্য তুলে ধরতে গিয়ে মাইক বন্ধের মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে। বক্তব্যে তিনি শেখ হাসিনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

সংসদে বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’ উল্লেখ করেন। শেখ হাসিনার বর্তমান পরিস্থিতির সঙ্গে এই উক্তির তুলনা করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে কোনো সমন্বয় দেখা যাচ্ছে না। একজন উপদেষ্টা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার পথে সরকার বাধা দিতে চায় না। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, তাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।

একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। ফলে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যে স্পষ্ট অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের বক্তব্য উল্লেখ করে রুমিন বলেন, গত ৯ নভেম্বর তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকার তার দেশে ফেরার পথে বাধা দিতে চায় না। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক বলে মন্তব্য করেছিলেন ওই উপদেষ্টা।

এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হলে তার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা উচিত। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য এর সম্পূর্ণ বিপরীত। গত ৯ নভেম্বর তিনি জানিয়েছিলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, গত ৯ নভেম্বর তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আবেদনের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। আবেদনের আইনগত ভিত্তি পর্যালোচনা করে পররাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

রুমিন ফারহানা বলেন, একদিকে পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হচ্ছে, অন্যদিকে পাসপোর্ট না দেওয়ার ঘোষণা আসছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আবেদন যাচাই করা হয়নি। একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।

সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যে এমন সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে বক্তব্য চালিয়ে যাওয়ার একপর্যায়ে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়। সংসদে তার বক্তব্যের এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।