মেটার ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে এ সিদ্ধান্তে মূল ফেসবুক অ্যাকাউন্ট বা প্রাইমারি প্রোফাইলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে অনেকেই ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রয়োজনে ফেসবুকে একাধিক প্রোফাইল ব্যবহার করেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য আলাদা প্রোফাইল তৈরি করেন অনেকে। ব্যবহারকারীদের এমন সুবিধা দিতেই অ্যাডিশনাল প্রোফাইল ফিচার চালু করেছিল মেটা।

এই ফিচারের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে মূল প্রোফাইলের পাশাপাশি সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরি করার সুযোগ ছিল। এসব প্রোফাইলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ভিন্ন আগ্রহ, পছন্দ, শখ কিংবা নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে পারতেন। এতে প্রতিটি কাজের জন্য আলাদা ইমেইল ঠিকানা বা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।

২০২৩ সালের সেপ্টেম্বরে ফিচারটি চালু করে মেটা। ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশ নেওয়ার মতো কাজে এটি ব্যবহার করা যেত। তবে এবার ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে নির্ধারিত সময়ের পর একই অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর সচল থাকবে না।

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করে রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ না করলে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রোফাইলের সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

এদিকে, যেসব ব্যবহারকারী অতিরিক্ত প্রোফাইল দিয়ে ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের জন্যও বিশেষ নির্দেশনা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পরামর্শ, গ্রুপের প্রশাসনিক দায়িত্ব দ্রুত মূল প্রোফাইলে হস্তান্তর করতে হবে। অন্যথায়, কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।

অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে প্রথমে সংশ্লিষ্ট প্রোফাইলে সুইচ করতে হবে। এরপর Settings & Privacy থেকে Settings অপশনে গিয়ে Your Information and Permissions বিভাগ নির্বাচন করতে হবে। সেখান থেকে Export Your Information অপশনে প্রবেশ করে Create Export-এ ক্লিক করতে হবে।

এরপর যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটি নির্বাচন করতে হবে। তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় রাখতে চান, সেটিও নির্ধারণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় তথ্যের ধরন বেছে নিয়ে Create Export-এ ক্লিক করলেই ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে।

তবে মেটার এই সিদ্ধান্তে সব ধরনের ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে না। ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল, মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ এবং আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র প্রোফাইলগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে না। অর্থাৎ, যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

যাদের একাধিক অতিরিক্ত প্রোফাইল রয়েছে, তাদের প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। পাশাপাশি অতিরিক্ত প্রোফাইল থেকে পাওয়া কিছু তথ্য, বিশেষ করে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য, মূল প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করার মাধ্যমেও পাওয়া যেতে পারে। তাই প্রয়োজনীয় কোনো তথ্য হারানো এড়াতে মূল প্রোফাইলের তথ্যও সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।