আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসছে বড় পরিবর্তন। দলের অন্যতম মালিক জয় মেহতা নিজের ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন। প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের এই চুক্তি সম্পন্ন হলে কেকেআরের মালিকানায় যুক্ত হবে নতুন আন্তর্জাতিক বিনিয়োগকারী। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির বাজারমূল্যও পৌঁছাবে নতুন উচ্চতায়।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ নগদ অর্থের বিনিময়ে এই শেয়ার বিক্রির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জয় মেহতা তার কাছে থাকা মোট শেয়ারের অর্ধেক অ্যারেস ম্যানেজমেন্টের কাছে হস্তান্তর করবেন। অর্থাৎ, কলকাতা নাইট রাইডার্সের মোট মালিকানার ২২.৫ শতাংশ চলে যাবে মার্কিন প্রতিষ্ঠানটির হাতে।

এই লেনদেনের ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্সের মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি। আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় দলটির জন্য এটি বড় আর্থিক মূল্যায়ন হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা যুক্ত রয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটির ৫৫ শতাংশ শেয়ার রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের হাতে। অন্যদিকে জয় মেহতার মালিকানায় রয়েছে ৪৫ শতাংশ। নতুন চুক্তি অনুযায়ী, নিজের মালিকানার অর্ধেক বিক্রি করায় জয় মেহতার হাতে অবশিষ্ট থাকবে ২২.৫ শতাংশ শেয়ার। অ্যারেস ম্যানেজমেন্টও সমপরিমাণ শেয়ারের মালিক হবে।

শেয়ার বিক্রির এই চুক্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জন্যও নির্ধারিত অর্থ পাওয়ার বিষয় রয়েছে। নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ বিসিসিআই পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে সংস্থাটির প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২০০ কোটি টাকা।

২০০৭ সালে আইপিএলের যাত্রা শুরুর সময় কলকাতা নাইট রাইডার্সের পথচলা শুরু হয়। প্রথম আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর নেতৃত্বে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলার পর শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা একত্রিত হয়ে দলটির মালিকানা গ্রহণ করেন। পরে তারা 'কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড' গঠন করেন। সময়ের সঙ্গে দলটি আইপিএলের অন্যতম পরিচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে।

অন্যদিকে, অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান শক্ত করছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল মায়ামি ডলফিনসেও তাদের অংশীদারিত্ব রয়েছে।

এ ছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা 'দ্য হান্ড্রেড'-এর দল ট্রেন্ট রকেটসের সহ-মালিক হিসেবেও যুক্ত রয়েছে অ্যারেস ম্যানেজমেন্ট। কলকাতা নাইট রাইডার্সে বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটেও প্রতিষ্ঠানটির উপস্থিতি আরও বিস্তৃত হতে যাচ্ছে।