নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর নিয়ামতপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়িবাড়ি বাজার ও আশপাশের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নিয়ামতপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

নিয়ামতপুরে চার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫ হাজার বস্তা সার জব্দ
নিয়ামতপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপজেলার আঘোর বাজারে মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খড়িবাড়ি বাজারে মেসার্স সিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দক হোসেনের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়েছে।

এ ছাড়া সাদাপুর খড়িবাড়ি বাজারে মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বুলবুল আহম্মেদের প্রতিষ্ঠান থেকেও ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, জব্দ করা সার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের কাছে সার পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।