কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধভাবে রাস্তার ওপর ডাম্পার পার্কিং ও গাড়ির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ঈদগাঁওয়ে ইউএনও'র ভ্রাম্যমাণ আদালত, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর বার্তা
ঈদগাঁওয়ে ইউএনও'র ভ্রাম্যমাণ আদালত, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর বার্তা

অভিযানকালে ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাজারসংলগ্ন এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে ডাম্পার পার্কিং এবং গাড়ির লাইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

পরে ইসলামাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে রাস্তার ওপর মাটির স্তূপ রাখার বিষয়টি নজরে আসে। এ সময় স্থানীয় বাসিন্দাদের পাহাড় কাটা থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রাস্তার ওপর থেকে মাটি সরিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস দল এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলাবাসীর স্বার্থ সংরক্ষণ, জনদুর্ভোগ কমানো এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।