গ্রেপ্তার হওয়া দুই শ্রমিকনেতা সুলতানা বেগম ও মো. ইলিয়াসের অবিলম্বে মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্রের দুটি প্রভাবশালী সংগঠন। সংগঠন দুটি হলো আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ)। বুধবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানায়। একই সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও ন্যায্য মজুরির অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।
সংগঠন দুটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ন্যূনতম মজুরি অর্থবহভাবে পুনর্নির্ধারণের বিষয়ে আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার পর সুলতানা বেগম ও মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তাঁরা গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠনটি প্রায় ৬৫ হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করে।
যৌথ বিবৃতিতে এএএফএ ও এফএলএ জানায়, দুই শ্রমিকনেতা এখনো কারাগারে আটক রয়েছেন। তাঁদের গ্রেপ্তার ও আটকে রাখার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণে দ্রুত ও শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে আসছে সংগঠন দুটি। কিন্তু শ্রমিকনেতাদের আটক রাখায় সেই প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা দায়িত্বশীল পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ অবস্থায় দুই শ্রমিকনেতার মুক্তি এবং শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
এএএফএ ও এফএলএ বাংলাদেশের সরকারকে শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর সংগঠন করার স্বাধীনতার অধিকার সম্মান করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এমন ন্যায্য মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে, যাতে পোশাকশ্রমিকেরা নিজেদের ও পরিবারের প্রয়োজনীয় খরচ বহন করতে পারেন।
শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের ওপর সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনেরও নিন্দা জানিয়েছে সংগঠন দুটি। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের পুরো প্রক্রিয়ায় সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের কর্মকাণ্ডের প্রকাশ্য নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে।
এর আগে বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ করেছিল এএএফএ। সংগঠনটির মতে, ২০২৩ সালের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়নি। অথচ এই সময়ে মূল্যস্ফীতি বেড়েছে এবং জ্বালানির উচ্চমূল্যের কারণে সাধারণ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে।
এ বিষয়ে গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দেয় এএএফএ। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত ওই চিঠিতে শ্রমিকদের মজুরি নিয়মিত পর্যালোচনার পাশাপাশি তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন।
সেদিন শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এরপর শিল্পাঞ্চলগুলোতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সাভার-আশুলিয়া, গাজীপুর ও ঢাকার মিরপুরে মোট ৩৯৯টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১২৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া ২৭০টি কারখানা শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন