জানুয়ারির দলবদলে রক্ষণভাগের শক্তি বাড়াতে তিনজন লেফট ফুটেড ডিফেন্ডারকে লক্ষ্যবস্তু করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সম্ভাব্য তালিকায় রয়েছেন ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি, বরুশিয়া ডর্টমুন্ডের নিকো শ্লটারবেক এবং ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, হ্যান্সি ফ্লিকের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে গোপনে এই তিন ফুটবলারের সঙ্গে যোগাযোগ ও দলবদলের সম্ভাবনা যাচাই করছে কাতালান ক্লাবটি।
চলতি মৌসুমে রক্ষণভাগে একের পর এক চোট সমস্যায় পড়েছে বার্সেলোনা। ফলে জানুয়ারির দলবদলেই একজন অভিজ্ঞ সেন্টার ব্যাক দলে নেওয়ার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। বিশেষ করে বাঁ পায়ের দক্ষতা রয়েছে এবং সেন্টার ব্যাক পজিশনে অভিজ্ঞ, এমন একজন খেলোয়াড়কে অগ্রাধিকার দিচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক।
সম্ভাব্য তিন খেলোয়াড়ের মধ্যে আলেসান্দ্রো বাস্তোনিকে নিয়ে বার্সেলোনার আগ্রহ নতুন নয়। ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো গত গ্রীষ্মের দলবদলেও ইন্টার মিলানের এই ইতালিয়ান ডিফেন্ডারকে দলে আনার চেষ্টা করেছিলেন। সে সময় দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে আলোচনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত দলবদল সম্পন্ন হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী বাস্তোনির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল বার্সেলোনা। তবে বিভিন্ন কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখনো কাতালান ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী এই ইতালিয়ান ডিফেন্ডার। ইন্টারের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ১৮ মাস বাকি থাকায় প্রায় ৪ কোটি ইউরোতে তাঁকে পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থের পরিমাণ বেশি হলেও বার্সেলোনার কাছে এটি বড় বাধা নয়।
বার্সেলোনার তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম নিকো শ্লটারবেক। বরুশিয়া ডর্টমুন্ডের ২৬ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডার সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক হিসেবেও খেলতে পারেন। তাঁর এই বহুমুখী দক্ষতা কোচ হ্যান্সি ফ্লিককে বিশেষভাবে আকৃষ্ট করেছে। উল্লেখ্য, ফ্লিক জার্মানি জাতীয় দলের কোচ থাকাকালে শ্লটারবেককে জাতীয় দলে অভিষেকের সুযোগ দিয়েছিলেন।
তবে শ্লটারবেককে দলে পেতে বার্সেলোনাকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। তাঁর চুক্তিতে রিলিজ ক্লজ থাকলেও সম্ভাব্য দলবদলে প্রায় ৬ কোটি ইউরো ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে তিনজনের মধ্যে তাঁকেই তুলনামূলক ব্যয়বহুল বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজকে সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হিসেবে দেখছে বার্সেলোনা। ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডারের সঙ্গে ইংলিশ ক্লাবটির চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। তবে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে।
মুন্দো দেপোর্তিভোর দাবি, মার্তিনেজও বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী। তাঁর বাঁ পায়ের দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ডেকোর চাহিদার সঙ্গে বেশ ভালোভাবে মিলে যায়। এসব কারণে তাঁকে সম্ভাব্য শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করছে কাতালান ক্লাবটি।
এদিকে, রক্ষণভাগের জন্য বিবেচনায় থাকা আরবি লাইপজিগের কাস্তেলো লুকেবা এবং রিয়াল বেতিসের নাতান আপাতত আলোচনায় পিছিয়ে পড়েছেন। ফলে বাস্তোনি, শ্লটারবেক ও মার্তিনেজকে ঘিরেই বার্সেলোনার পরিকল্পনা এগোচ্ছে বলে জানা গেছে।
সব মিলিয়ে জানুয়ারির দলবদলে বার্সেলোনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে খেলোয়াড়দের ট্রান্সফার ফি। তিন ডিফেন্ডারের প্রত্যেকেরই রয়েছে আলাদা শক্তি ও অভিজ্ঞতা। তবে ক্লাবের আর্থিক সামর্থ্য, খেলোয়াড়দের আগ্রহ এবং চুক্তির শর্ত বিবেচনা করেই শেষ পর্যন্ত একজনকে বেছে নিতে পারে বার্সেলোনা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন