২০২৬ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন ফুটবল বিশ্বের তিন বড় তারকা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপে। বিভিন্ন বিভাগে সেরাদের স্বীকৃতি দিতে আগামী ২৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবে এবারের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোট ১৪টি বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে।

গতবারের আসরে সেরা মিডল ইস্ট খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এবারও একই বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এই বিভাগে মোট ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন রোনালদোসহ বিভিন্ন ক্লাবের তারকারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জোয়াও ফেলিক্স, সাদিও মানে, রুবেন নেভেস, ইভান টনি ও এদুয়ার্দ মেন্দি।

এ ছাড়া মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু, সুফিয়ান রাহিমি এবং মেক্সিকোর জুলিয়ান কুইনোনেসও রয়েছেন এই তালিকায়। সৌদি ক্লাব আল কাদসিয়াহর মুসাব আল জুয়াইর একমাত্র সৌদি ফুটবলার হিসেবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। ফলে এবারও নিজের শিরোপা ধরে রাখার সুযোগ থাকছে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর সামনে।

অন্যদিকে, এক দশকেরও বেশি সময় পর আবারও গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা পুরুষ খেলোয়াড়ের মনোনয়নে ফিরেছেন লিওনেল মেসি। ২০১৫ সালে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক। এবার তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন ও উসমান দেম্বেলের মতো তারকারা। গতবারের বিজয়ী দেম্বেলে এবারও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে রয়েছেন।

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে দারুণ সাফল্যের স্বীকৃতি হিসেবে মনোনয়ন পেয়েছেন দেম্বেলে। চ্যাম্পিয়নস লিগে ক্লাবটির সাফল্যের পর তাদের মোট ১৩ জন খেলোয়াড় বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন। এদিকে ম্যানচেস্টার সিটি ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড সেরা খেলোয়াড় এবং সেরা ফরোয়ার্ড, দুই বিভাগেই জায়গা করে নিয়েছেন।

সেরা মিডফিল্ডার বিভাগেও রয়েছে তারকাদের আধিক্য। এই বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা আটজন ফুটবলার সেরা পুরুষ খেলোয়াড়ের বিভাগেও মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং তাঁর ক্লাব সতীর্থ ফেদেরিকো ভালভার্দে। অন্যদিকে সেরা ডিফেন্ডার হওয়ার দৌড়ে রয়েছেন পাউ কুবার্সি, উইলিয়াম সালিবা ও আশরাফ হাকিমি।

নারী ফুটবলেও এবারের আয়োজন ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ। সেরা নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আলেক্সিয়া পুতেয়াস, ইওয়া পাজোর ও মেলচি ডুমর্নে। তবে চোটের কারণে বার্সেলোনা ফেমেনির হয়ে কঠিন মৌসুম কাটানো আইতানা বোনমাতি এবার তালিকায় নেই। টানা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাঁর অনুপস্থিতি এবারের মনোনয়নের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

সেরা কোচের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন পিএসজির লুইস এনরিকে, স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনালের মিকেল আরতেতা, কোমোর সেস্ক ফ্যাব্রিগাস এবং অ্যাস্টন ভিলার উনাই এমেরি। তাঁদের মধ্যে কে শেষ পর্যন্ত পুরস্কার জিতবেন, তা জানতে অপেক্ষা করতে হবে অনুষ্ঠান পর্যন্ত।

গ্লোব সকারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তমাসো বেনদোনি জানিয়েছেন, বিশ্ব ফুটবলের সেরা প্রতিভাদের আবারও সংযুক্ত আরব আমিরাতে একত্র করতে পেরে তাঁরা সম্মানিত। এদিকে ১৪টি পুরস্কারের মধ্যে ১২টি বিভাগের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ভক্তরা গ্লোব সকারের অফিশিয়াল ওয়েবসাইটে ভোট দিতে পারবেন। প্রথম ধাপে দর্শকদের ভোটে চূড়ান্ত পর্বের প্রতিযোগীরা নির্বাচিত হবেন। পরবর্তী ধাপে দর্শকদের ভোটের সঙ্গে যুক্ত হবে বিশেষ জুরিবোর্ডের ভোট। বিচারক প্যানেলে রয়েছেন মার্সেলো লিপ্পি, আন্তোনিও কন্তে, ইকার ক্যাসিয়াস ও লুইস ফিগোর মতো ফুটবল ব্যক্তিত্বরা।