ব্রাজিলের জার্সিতে গোল করে বিশেষ উদ্‌যাপনের মাধ্যমে নতুন জীবনের আনন্দ প্রকাশ করেছেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক ছেলেসন্তান। ছেলের নাম রাখা হয়েছে কেনদ্রিক। সিঙ্গাপুরের বিপক্ষে গোল করার পর ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে সন্তান ও স্ত্রীকে গোলটি উৎসর্গ করেন তিনি।

বাংলাদেশ সময় গতকাল বিকেলে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৭-০ গোলের বড় জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে দারুণ একটি গোল করেন এনদ্রিক। গোলের পর দুই হাতে ভালোবাসার চিহ্ন এঁকে চুমু ছুড়ে দেন তিনি। তখনই তাঁর উদ্‌যাপন নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

ম্যাচ শেষে ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ড জানান, তাঁর উদ্‌যাপনের পেছনে ছিল জীবনের সবচেয়ে আনন্দের একটি খবর। স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন এবং তাঁদের ঘরে এসেছে নতুন অতিথি। স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এনদ্রিক বলেন, ‘আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। আমাদের ঘরে এক ফুটফুটে ছেলেসন্তান এসেছে, আমার স্ত্রীও খুব খুশি। গোলটি ওর জন্যই ছিল, আমার স্ত্রীর জন্যও।’

জাতীয় দলের হয়ে খেলতে দূরে থাকলেও স্ত্রী মিরান্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনদ্রিক। তিনি জানান, ব্রাজিলের প্রতিনিধিত্ব করার সুযোগ তাঁর কাছে অত্যন্ত বিশেষ। আর জাতীয় দলের হয়ে খেলার জন্য তাঁকে যারা প্রথম উৎসাহ দিয়েছিলেন, তাঁদের মধ্যে তাঁর স্ত্রী অন্যতম। এখন তিনি দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকলেও মিরান্ডা তাঁদের সন্তানকে নিয়ে পরিবারের কাছে রয়েছেন।

এনদ্রিকের স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডা
এনদ্রিকের স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডা l ছবি: সংগৃহীত

ছেলের নাম কেনদ্রিক রাখার পেছনেও রয়েছে বিশেষ গল্প। নামটি হঠাৎ করে ঠিক করা হয়নি। গত জুলাইয়ে মিরান্ডার বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এই দম্পতি। অনেক আগেই দুজন মিলে ছেলের নাম কেনদ্রিক রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাঁর বাবা-মা প্রথমে তাঁর নাম কেনদ্রিক রাখতে চেয়েছিলেন। এ বিষয়ে এনদ্রিক বলেছিলেন, ‘এটা আমার নাম হওয়ার কথা ছিল।’ তাই ছেলের নামের মধ্যে নিজের পরিবারের পুরোনো একটি পছন্দকেও ফিরিয়ে এনেছেন তিনি।

নামটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়েছে। অনেকে মার্কিন র‍্যাপার কেনদ্রিক লামারের সঙ্গে নামের মিল খুঁজেছেন। তবে এনদ্রিক কিংবা তাঁর স্ত্রী কখনোই এমন কোনো যোগসূত্রের কথা নিশ্চিত করেননি। নামটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও জড়িয়ে আছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এনদ্রিক। তাই ছেলের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি তিনি। তাঁর মতে, পরিবারের ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত থাকাই ভালো। ভবিষ্যতে তাঁর ছেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও সে নিজেই নেবে।

এদিকে মাঠের বাইরেও এনদ্রিককে নিয়ে আলোচনা চলছে। আগামী শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন তিনি, এমন গুঞ্জন রয়েছে। ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এনদ্রিক জানিয়েছেন, খেলার সিদ্ধান্ত কোচের হাতে। রিয়াল মাদ্রিদকে সাহায্য করতে তিনি সব সময় প্রস্তুত।