শীতের আমেজ শুরু হলেই অনেকের দাঁতে অস্বস্তি দেখা দেয়। ঠান্ডা পানি পান, আইসক্রিম খাওয়া কিংবা সকালে ঠান্ডা বাতাসে শ্বাস নেওয়ার সময় হঠাৎ দাঁত শিরশির করে ওঠে। আবার কারও ক্ষেত্রে গরম চা বা মিষ্টিজাতীয় খাবার খেলেও একই সমস্যা হয়। অনেকে একে শীতের স্বাভাবিক প্রভাব মনে করে এড়িয়ে যান। তবে বারবার দাঁত শিরশির করা দাঁতের ভেতরে লুকিয়ে থাকা কোনো সমস্যার ইঙ্গিতও হতে পারে।

দাঁত শিরশির করে কেন

দাঁতের সবচেয়ে বাইরের শক্ত আবরণকে বলা হয় এনামেল। এর নিচে থাকে ডেন্টিন, যেখানে অসংখ্য সূক্ষ্ম নালি রয়েছে। দাঁতের গোড়ার অংশ সাধারণত মাড়ি দিয়ে ঢাকা থাকে। কোনো কারণে এনামেল ক্ষয়ে গেলে অথবা মাড়ি সরে গিয়ে ডেন্টিন উন্মুক্ত হলে ঠান্ডা, গরম, মিষ্টি কিংবা টক খাবারের প্রভাব দাঁতের ভেতরের স্নায়ুতে পৌঁছাতে পারে। এর ফলে হঠাৎ তীক্ষ্ণ ব্যথা বা শিরশিরানি অনুভূত হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি বলা হয়।

শক্ত ব্রাশ দিয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ, মাড়ি সরে যাওয়া, অ্যাসিডিক খাবার ও পানীয় বেশি গ্রহণ এবং দাঁতের উপরিভাগ ক্ষয়ে যাওয়ার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। আবার দাঁতে ক্যারিজ, সূক্ষ্ম ফাটল কিংবা পুরোনো ফিলিংয়ে সমস্যা থাকলেও দাঁত শিরশির করতে পারে।

শীতের সঙ্গে দাঁতের শিরশিরানির সম্পর্ক কী

শীতের ঠান্ডা বাতাস ও ঠান্ডা পানীয় দাঁতের সংবেদনশীলতা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাঁদের দাঁতের এনামেল ক্ষয়ে গেছে বা ডেন্টিন উন্মুক্ত হয়ে আছে, তাঁরা তাপমাত্রার পরিবর্তনে বেশি অস্বস্তি অনুভব করেন। তবে শীত এলেই সবার দাঁতে এমন সমস্যা হবে, বিষয়টি তেমন নয়।

তাই শুধু আবহাওয়াকে দায়ী না করে দাঁতের স্বাস্থ্য এবং দৈনন্দিন অভ্যাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন। কারণ শীতের আগেই দাঁত শিরশির করা শুরু হলে এর পেছনে আগে থেকে থাকা কোনো সমস্যা কাজ করতে পারে।

সাধারণ শিরশিরানি, নাকি দাঁতের স্নায়ুতে প্রদাহ

দাঁত শিরশির করলেই যে স্নায়ুতে প্রদাহ হয়েছে, এমন নয়। সাধারণ সংবেদনশীলতার ক্ষেত্রে ঠান্ডা বা গরম খাবারের সংস্পর্শ সরিয়ে নিলে ব্যথা সাধারণত দ্রুত কমে যায়। কিন্তু ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হলে, কোনো উদ্দীপনা ছাড়াই শুরু হলে কিংবা রাতে ঘুম ভাঙিয়ে দিলে দাঁতের ভেতরের পাল্পে প্রদাহ বা গভীর ক্ষয় থাকার আশঙ্কা থাকে।

কামড় দেওয়ার সময় ব্যথা বাড়লে দাঁতে ফাটল থাকার সম্ভাবনাও বিবেচনা করতে হয়। এমন পরিস্থিতিতে শুধু সংবেদনশীল দাঁতের টুথপেস্ট ব্যবহার করে অপেক্ষা করা ঠিক নয়। দাঁতের অবস্থা পরীক্ষা করে প্রয়োজনে এক্স-রের মাধ্যমে দন্তচিকিৎসক সমস্যার কারণ শনাক্ত করতে পারেন।

যেসব অভ্যাস বাড়িয়ে দিতে পারে দাঁতের শিরশিরানি

প্রতিদিন দাঁত পরিষ্কারের সময় অসতর্কতা থেকেও সমস্যা তৈরি হতে পারে। শক্ত ব্রাশ দিয়ে জোরে দাঁত মাজলে এনামেল ক্ষয়ে যেতে পারে। একই সঙ্গে মাড়ি সরে গিয়ে দাঁতের গোড়ার সংবেদনশীল অংশ উন্মুক্ত হওয়ার আশঙ্কা থাকে।

লেবু, কোমল পানীয় ও অন্যান্য অ্যাসিডিক খাবার ঘন ঘন গ্রহণ করলেও দাঁতের সুরক্ষামূলক আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া ঘুমের মধ্যে দাঁত চেপে রাখা বা ঘষার অভ্যাসে দাঁতের উপরিভাগ ক্ষয়ে যেতে পারে এবং সূক্ষ্ম ফাটল তৈরি হতে পারে। সকালে চোয়ালে ব্যথা বা দাঁতের কিনারা ক্ষয়ে যাওয়ার মতো লক্ষণ থাকলে বিষয়টি চিকিৎসককে জানানো উচিত।

দাঁত শিরশিরানি কমাতে কী করবেন

দাঁতের সংবেদনশীলতা কমাতে প্রথমেই পরিষ্কারের সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে। নরম ব্রাশ দিয়ে দিনে দুবার, প্রতিবার প্রায় দুই মিনিট ধরে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে হবে। দাঁতের ফাঁক পরিষ্কার রাখতে ডেন্টাল ফ্লস বা উপযুক্ত ইন্টারডেন্টাল ক্লিনার ব্যবহার করা যেতে পারে।

সংবেদনশীল দাঁতের জন্য তৈরি টুথপেস্টে পটাশিয়াম নাইট্রেট বা স্ট্যানাস ফ্লোরাইডের মতো উপাদান থাকে। নিয়মিত ব্যবহারে এগুলো শিরশিরানি কমাতে সাহায্য করতে পারে। তবে উপকার পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

অ্যাসিডিক খাবার বা পানীয় গ্রহণের পর পানি দিয়ে কুলি করা ভালো। এরপর দাঁত ব্রাশ করার আগে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করা উচিত। দাঁতে লেবু, লবণ কিংবা কয়লা ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন না। এতে এনামেলের ক্ষতি আরও বাড়তে পারে।

কখন দন্তচিকিৎসকের কাছে যাবেন

দাঁত শিরশির করার সমস্যা বারবার দেখা দিলে কিংবা নির্দিষ্ট কোনো দাঁতে বেশি অস্বস্তি হলে দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হওয়া, কামড় দিলে ব্যথা বাড়া, দাঁতে দৃশ্যমান ফাটল, মাড়ি ফুলে যাওয়া কিংবা রাতে ব্যথা বেড়ে যাওয়ার মতো লক্ষণ অবহেলা করা উচিত নয়।

মুখ বা গাল ফুলে যাওয়ার সঙ্গে জ্বর থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে। আর শ্বাস নিতে বা গিলতে অসুবিধা হলে জরুরি চিকিৎসার প্রয়োজন।

সমস্যার কারণ অনুযায়ী চিকিৎসাও ভিন্ন হতে পারে। কোনো ক্ষেত্রে ফ্লোরাইড প্রয়োগ বা সংবেদনশীলতা কমানোর চিকিৎসা যথেষ্ট। আবার দাঁতে ক্যারিজ বা ফাটল থাকলে ফিলিং কিংবা অন্য চিকিৎসা প্রয়োজন হতে পারে। দাঁতের ভেতরের পাল্পে প্রদাহ দেখা দিলে আলাদা চিকিৎসার দরকার হয়।

মনে রাখতে হবে, দাঁত শিরশির করা মানেই দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, এমন নয়। তবে বারবার এমন হলে অবহেলা না করে কারণ শনাক্ত করাই দাঁত সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায়।