পেট ফাঁপা, বদহজম কিংবা ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যাকে অনেকেই সাধারণ শারীরিক অসুস্থতা ভেবে এড়িয়ে যান। কিন্তু নারীদের ক্ষেত্রে এসব উপসর্গ কখনো কখনো ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেতও হতে পারে। রোগটির প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় অস্পষ্ট হওয়ায় শুরুতে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই শরীরে নতুন কোনো পরিবর্তন দেখা দিলে এবং তা দীর্ঘদিন স্থায়ী হলে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ডিম্বাশয়ের অবস্থান তলপেটের ভেতরে, পরিপাকতন্ত্র ও মূত্রথলির কাছাকাছি। সেখানে টিউমার তৈরি হলে আশপাশের অঙ্গের ওপর চাপ পড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে পেটে তরল জমার কারণেও অস্বস্তি দেখা দেয়। ফলে পেট ফাঁপা, হজমে সমস্যা কিংবা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন হতে পারে। তবে এসব উপসর্গের পেছনে ক্যানসার ছাড়াও নানা সাধারণ কারণ থাকতে পারে।

ডিম্বাশয়ের ক্যানসারের ৭টি সতর্কসংকেত

১. বারবার পেট ফাঁপা: খাবার খাওয়ার পর সাময়িক পেট ফাঁপা অস্বাভাবিক নয়। কিন্তু প্রায়ই পেট ফুলে থাকা, চাপ অনুভব করা বা অস্বস্তি দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. অল্প খাবারেই পেট ভরে যাওয়া: আগের তুলনায় কম খাবার খেয়েই পেট ভরে যাওয়ার অনুভূতি, ক্ষুধামন্দা কিংবা বমিভাব দেখা দিতে পারে। এমন পরিবর্তন নিয়মিত হলে অবহেলা করা ঠিক নয়।

৩. তলপেট বা শ্রোণিতে ব্যথা: তলপেটে কিংবা শ্রোণি অঞ্চলে বারবার ব্যথা, চাপ বা অস্বস্তি ডিম্বাশয়ের ক্যানসারের সম্ভাব্য উপসর্গ হতে পারে। বিশেষ করে ব্যথা নতুনভাবে শুরু হলে বা দীর্ঘদিন থাকলে পরীক্ষা করানো প্রয়োজন।

৪. মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: আগে এমন সমস্যা না থাকলেও নতুন করে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা স্থায়ী হলে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি।

৫. ঘন ঘন প্রস্রাবের চাপ: স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাব হওয়া, হঠাৎ প্রস্রাবের বেগ আসা কিংবা বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে। পেটের ভেতরে টিউমার বা তরল জমে মূত্রথলির ওপর চাপ পড়লে এমন উপসর্গ দেখা দিতে পারে।

৬. কোমরব্যথা ও অস্বাভাবিক ক্লান্তি: দীর্ঘস্থায়ী কোমরব্যথা এবং স্বাভাবিক কাজেও অতিরিক্ত ক্লান্তি অনুভূত হতে পারে। বিশেষ করে এসব সমস্যার সঙ্গে পেটের অস্বস্তি বা অন্য উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৭. অকারণে ওজনের পরিবর্তন: ক্ষুধা কমে যাওয়ার কারণে কারও অনিচ্ছাকৃতভাবে ওজন কমতে পারে। আবার পেটে তরল জমলে ওজন বা পেটের আকার বেড়ে যেতে পারে। কোনো স্পষ্ট কারণ ছাড়াই এমন পরিবর্তন হলে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

কখন চিকিৎসকের কাছে যাবেন

নতুন কোনো উপসর্গ ঘন ঘন দেখা দিলে, স্বাভাবিকের তুলনায় বেশি স্থায়ী হলে বা দুই থেকে তিন সপ্তাহেও না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে পেট ফাঁপা, তলপেটে ব্যথা, অল্প খেয়েই পেট ভরে যাওয়া এবং প্রস্রাবের চাপ- একাধিক সমস্যা একসঙ্গে দেখা দিলে দেরি না করাই ভালো। পরিবারে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস থাকলে চিকিৎসককে সেটিও জানাতে হবে। উপসর্গ কখন দেখা দিচ্ছে, কতক্ষণ থাকছে এবং কত ঘন ঘন হচ্ছে, তা লিখে রাখলে রোগ নির্ণয়ে সহায়তা হতে পারে।

কীভাবে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত করা হয়

রোগের লক্ষণ ও চিকিৎসার ইতিহাস বিবেচনা করে চিকিৎসক পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড এবং রক্তে সিএ-১২৫ প্রোটিনের মাত্রা পরীক্ষার পরামর্শ দিতে পারেন। তবে শুধু আলট্রাসাউন্ড বা সিএ-১২৫ পরীক্ষার ফল দিয়ে ডিম্বাশয়ের ক্যানসার নিশ্চিত করা যায় না। প্রয়োজন অনুযায়ী আরও পরীক্ষা এবং বিশেষজ্ঞের মূল্যায়ন দরকার হতে পারে।

বয়স বাড়ার সঙ্গে ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া পরিবারে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস, বিআরসিএ-১ ও বিআরসিএ-২ জিনের বংশগত পরিবর্তন এবং এন্ডোমেট্রিওসিসের মতো বিষয় ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তবে এসব ঝুঁকি থাকলেই যে ক্যানসার হবে, তা নয়। একইভাবে এসব লক্ষণ দেখা দিলেই ক্যানসার হয়েছে বলে ধরে নেওয়ার কারণ নেই। দীর্ঘস্থায়ী উপসর্গকে শুধু গ্যাস বা বদহজম ভেবে অবহেলা না করে সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।