সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং বিভ্রান্তিকর তথ্যের প্রচার রোধে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ সংশোধনের একটি প্রস্তাব তৈরি করা হয়েছে, যেখানে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধানও যুক্ত থাকছে।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান জাতীয় সংসদে একটি লিখিত উত্তরের মাধ্যমে এই পরিকল্পনার কথা জানান।
সংসদে স্বতন্ত্র এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে। প্রস্তাবিত সংশোধনী আইনে বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলকেও সাংবাদিকদের নিবন্ধনের ক্ষমতা দেওয়া হবে। এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের জন্য একটি সুশৃঙ্খল অনলাইন ডেটাবেজ তৈরি করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও থাকবে এই কাউন্সিলের হাতে।
মানসম্মত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে সংশোধনীতে কিছু সুনির্দিষ্ট শাস্তির প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন, জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশ কিংবা হয়রানিমূলক ও ভুয়া প্রতিবেদন প্রচারের দায়ে সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের জরিমানাসহ শাস্তির আওতায় আনা হতে পারে।
এ ছাড়া কোনো সংবাদপত্র, সংবাদমাধ্যম বা সাংবাদিক যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে, তবে প্রেস কাউন্সিল নিজ উদ্যোগেই (সুয়োমোটো) তদন্ত শুরু করতে পারবে এবং প্রয়োজনীয় আদেশ জারির ক্ষমতাও তাদের থাকবে।
এদিকে আরেক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াছের খান চৌধুরী জানান, প্রকৃত সাংবাদিকদের ডেটাবেজ তৈরির বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বিএফইউজে এবং ডিইউজে-সহ শীর্ষ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত মতবিনিময় করছে।
তিনি জোর দিয়ে বলেন, সরকার নিজে থেকে কে সাংবাদিক হবেন তা চাপিয়ে দিতে চায় না। সাংবাদিক সংগঠনগুলোর দেওয়া মানদণ্ড ও পরামর্শের ভিত্তিতেই এই ডেটাবেজ তৈরির কাজ এগোবে। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, "আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি, তবে একইসঙ্গে সব জায়গায় বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন