বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। তাঁর সৃষ্ট গল্প, উপন্যাস ও বিচিত্র চরিত্র কয়েক প্রজন্মের পাঠককে মুগ্ধ করেছে। বিশেষ করে হিমু, মিসির আলি ও শুভ্র চরিত্রের মাধ্যমে তিনি পাঠকের মনে তৈরি করেছেন আলাদা এক জগৎ। শুক্রবার (১৩ নভেম্বর) তাঁর ৭৮তম জন্মদিন।
১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর ডাকনাম ছিল কাজল। বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ ছিলেন গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
তাঁর ছোট ভাই মুহম্মদ জাফর ইকবাল দেশের পরিচিত কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ। ছোট ভাইদের মধ্যে সবার ছোট আহসান হাবীব একজন জনপ্রিয় কার্টুনিস্ট। পারিবারিক পরিমণ্ডল ও জীবনের নানা অভিজ্ঞতা তাঁর সাহিত্যচর্চায় প্রভাব ফেলেছিল।
নিজস্ব ভাষাশৈলী, সহজ বর্ণনা আর মানুষের মনস্তত্ত্ব তুলে ধরার দক্ষতায় বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন হুমায়ূন আহমেদ। তাঁর লেখায় যেমন হাস্যরস ও প্রেম উঠে এসেছে, তেমনি স্থান পেয়েছে জীবনের গভীরতা, রহস্য ও মানবিক অনুভূতি। বইয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন উল্লেখযোগ্য স্বাক্ষর।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় লেখক। তাঁর প্রয়াণের এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও পাঠকের আগ্রহ কমেনি। নতুন পাঠকেরাও নিয়মিত আবিষ্কার করছেন তাঁর গল্প, উপন্যাস ও সৃষ্ট চরিত্রগুলো।
জন্মদিনে পাঠক ও ভক্তরা নানা আয়োজনে স্মরণ করছেন বাংলা সাহিত্যের এই কিংবদন্তিকে। তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্র বাংলা ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন