দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। অনুষ্ঠানটির নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনের আহ্বান জানানো হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন আসরের প্রচার।
মীর আফসার আলীর সঞ্চালনায় একসময় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘মিরাক্কেল’। হাস্যরস, ব্যতিক্রমী কৌতুক পরিবেশনা এবং প্রতিযোগীদের মজার উপস্থাপনা অনুষ্ঠানটিকে দর্শকদের কাছে আলাদা পরিচিতি এনে দেয়। এই আয়োজনের মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কৌতুকশিল্পী। তাঁদের কেউ কেউ পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের অবস্থানও তৈরি করেছেন।
অডিশনে অংশ নিতে পারবেন পাঁচ বছরের বেশি বয়সীরা
২০২১ সালে সর্বশেষ প্রচারিত হয়েছিল ‘মিরাক্কেল’-এর দশম মৌসুম। এরপর দীর্ঘ বিরতিতে ছিল জনপ্রিয় এই আয়োজন। সম্প্রতি নতুন মৌসুমের প্রচারঝলক প্রকাশ করে প্রতিযোগীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের অডিশনে পাঁচ বছরের বেশি বয়সী যে কেউ অংশ নিতে পারবেন। নিজের পরিবেশিত কৌতুকের ভিডিও পাঠিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল পর্ব। নতুন মৌসুমে প্রতিযোগীরা একে অপরের সঙ্গে কৌতুক পরিবেশনায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফেব্রুয়ারিতে প্রচারের পরিকল্পনা
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন মৌসুমের প্রচার শুরু হতে পারে। সে ক্ষেত্রে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তবে প্রতিযোগী নির্বাচনের প্রক্রিয়ার ওপরও সময়সূচি নির্ভর করছে।
এদিকে নতুন মৌসুমে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। পুরোনো ও নতুন মুখের সমন্বয়ে বিচারক প্যানেল সাজানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আগের মৌসুমের পরিচিত বিচারক ও পরামর্শকদের ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
দীর্ঘ বিরতির পর ‘মিরাক্কেল’-এর প্রত্যাবর্তনের খবরে অনুষ্ঠানটির পুরোনো দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা নতুন মৌসুমের প্রতিযোগী, বিচারক ও প্রচারের চূড়ান্ত ঘোষণার।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন