দেশের তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এতে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা।

‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। দুই মাসের এ কোর্সে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার পাঠদান করা হবে।

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটিতে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে ভালো দক্ষতা রয়েছে এমন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদন করতে হবে(http://www.dzaiproject.com/apply)(http://www.dzaiproject.com/apply?utm_source=chatgpt.com)। নির্ধারিত সময় শেষ হলে আবেদন করার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন সম্পন্ন করার পর ফরমের একটি কপি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য যোগ্য আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।

এ কোর্সে অংশ নিতে কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে দৈনিক খাবারের ব্যবস্থাও থাকবে। কোর্স শেষে নির্ধারিত শর্ত পূরণ করে সফলভাবে উত্তীর্ণ হলে সনদ দেওয়া হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।