রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় দুই দফায় মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হবে। এ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি আসরতপুর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দফায় বিদ্যুৎ থাকবে না। এরপর দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে বিজিবিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, খামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, টি আই টি পাম্প, তাজহাট মোল্লাপাড়া, জুম্মাপাড়া, বাবুপাড়া, টেকনিক্যাল মোড় ও আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে নেসকো। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটির সংশ্লিষ্ট বিভাগ।