আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাঁদের পাশাপাশি এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমাটিতে আরও রয়েছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও রেজওয়ান পারভেজ। নতুন এই সিনেমায় সিয়াম ও তুষির পর্দার রসায়ন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

বড় পর্দায় শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’। এ ছাড়া তাঁর নির্মিত ওটিটি সিনেমা ‘চা গরম’ দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।

মধ্যবিত্ত পরিবারের গল্পে আবেগ ও হাস্যরস

‘আবার দেখা হলে’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের জীবন, সম্পর্ক ও আবেগকে ঘিরে। এতে উঠে আসবে দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন, পারিবারিক মূল্যবোধ, পুরোনো স্মৃতি এবং ব্যক্তিগত দ্বন্দ্ব। তবে গল্পটি শুধু গম্ভীর আবেগে সীমাবদ্ধ নয়, এতে থাকছে হাস্যরসও।

পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমার গল্পে দর্শক নিজেদের জীবনের নানা ঘটনার সঙ্গে মিল খুঁজে পাবেন। অতীতের দিকে ফিরে তাকানো, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো নতুন করে অনুভব করা এবং কিছু প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে এগোবে কাহিনি।

পরিচালকের ভাষায়, গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণিকে ঘিরে। এতে আবেগ, পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের পাশাপাশি প্রতিদিনের জীবনের দ্বন্দ্ব এবং নানা ঘটনা উঠে আসবে। তবে দর্শকেরা যেন এটিকে খুব গম্ভীর সিনেমা মনে না করেন, কারণ গল্পে যথেষ্ট হাস্যরসও রয়েছে।

সংগীতেও থাকছে বিশেষ গুরুত্ব

নির্মাতার বর্ণনায়, ‘আবার দেখা হলে’ মূলত নিজেকে নতুন করে আবিষ্কার এবং অতীতের সঙ্গে আবার সংযোগ স্থাপনের গল্প। জীবনের ফেলে আসা সময়, পুরোনো সম্পর্ক ও স্মৃতির মধ্য দিয়ে চরিত্রগুলোর আবেগের বিভিন্ন দিক সামনে আসবে। গল্পের বিভিন্ন পর্যায়ে সময়ের পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনেমাটির আবেগ দর্শকের কাছে পৌঁছে দিতে গান ও আবহসংগীতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিচালক। তাঁর মতে, সংগীত সিনেমাটির অন্যতম উল্লেখযোগ্য দিক হয়ে উঠতে পারে।

সিঙ্গার ও বেকোর উপস্থাপনায় সিনেমাটি প্রযোজনা করছে ফিল্মি ফিচার্স। সহপ্রযোজক ও আনুষ্ঠানিক ডিজিটাল অংশীদার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতায় আছে এমআইবি স্টুডিওস। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘আবার দেখা হলে’ সিনেমায় মধ্যবিত্ত জীবনের চেনা গল্প, সম্পর্কের টানাপোড়েন, স্মৃতি ও হাস্যরস কীভাবে পর্দায় ফুটে ওঠে, তা দেখার অপেক্ষায় দর্শকরা।