রাতে মুঠোফোনে ভিডিও দেখতে দেখতে দেরি করে ঘুমাতে যাওয়া অনেকের অভ্যাস। সকালে তাড়াতাড়ি উঠতে হলেও রাতের ঘুমে অনিয়ম হয়। কিন্তু নিয়মিত এমন অভ্যাস শুধু ক্লান্তিই বাড়ায় না, রক্তচাপ ও হৃদ্স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই শরীরের ক্ষতি করে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত এবং নিয়মিত ঘুমের অভ্যাসও গুরুত্বপূর্ণ।
ঘুমের সঙ্গে রক্তচাপের সম্পর্ক
মানুষের শরীর একটি নির্দিষ্ট জৈবিক ছন্দ বা দেহঘড়ি মেনে চলে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় সার্কেডিয়ান রিদম। প্রায় ২৪ ঘণ্টার এই ছন্দ ঘুম, হরমোন নিঃসরণ, শরীরের তাপমাত্রা ও রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর রক্তচাপ বাড়তে শুরু করে এবং দিনের বিভিন্ন সময়ে তা পরিবর্তিত হয়। রাতে ঘুমানোর সময় রক্তচাপ সাধারণত কমে আসে।
ঘুমের সময় রক্তচাপ কেন কমে
ঘুমের সময় শরীর বিশ্রামে থাকায় হৃদ্স্পন্দন ধীর হয় এবং রক্তচাপও সাধারণত কমে যায়। চিকিৎসাবিজ্ঞানে এ প্রক্রিয়াকে বলা হয় ‘নকটার্নাল ডিপিং’। সাধারণত ঘুমের সময় রক্তচাপ দিনের তুলনায় প্রায় ১০ থেকে ২০ শতাংশ কমতে পারে। তবে সবার ক্ষেত্রে এই পরিবর্তন একই রকম হয় না। কারও ঘুমের সময় রক্তচাপ যথেষ্ট কমে না। এ অবস্থাকে ‘নন-ডিপিং’ বলা হয়। গবেষণায় এর সঙ্গে হৃদ্রোগ ও স্ট্রোকের বাড়তি ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে।
রাত জাগার অভ্যাসের প্রভাব
নিয়মিত দেরি করে ঘুমাতে যাওয়া কিংবা প্রয়োজনের তুলনায় কম ঘুম শরীরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে স্নায়ুতন্ত্রের সক্রিয়তা ও হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এতে রক্তনালির স্বাভাবিক কার্যক্রম এবং রক্তচাপ নিয়ন্ত্রণের প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। শিফটিং ডিউটি, জেট ল্যাগ কিংবা প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানোর অভ্যাসও দেহঘড়ির স্বাভাবিক ছন্দে বিঘ্ন ঘটাতে পারে।
কখন ঘুমাতে যাওয়া ভালো
কিছু গবেষণায় রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার সঙ্গে তুলনামূলক ভালো হৃদ্স্বাস্থ্যের সম্পর্ক পাওয়া গেছে। তবে সবার জন্য নির্দিষ্ট এই সময় বাধ্যতামূলক নয়। বরং প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর সুযোগ তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। সকালে ৬টায় উঠতে হলে রাত ১০টার দিকে ঘুমানোর প্রস্তুতি নেওয়া যেতে পারে। আর সকাল ৭টায় উঠলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার রুটিন তৈরি করা যায়।
ঘুমের অভ্যাসে আনুন পরিবর্তন
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুমানোর আগে মুঠোফোন বা অন্যান্য স্ক্রিনের ব্যবহার কমিয়ে দিন। রাতে অতিরিক্ত চা-কফি পান এড়িয়ে চলুন এবং ঘুমের পরিবেশ শান্ত ও আরামদায়ক রাখুন। শুধু বেশি সময় ঘুমালেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, এমন নিশ্চয়তা নেই। নিয়মিত উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, রক্তচাপ পরিমাপ এবং স্বাস্থ্যকর জীবনযাপন চালিয়ে যেতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন