আজান শুরু হলেই অনেক নারী মাথায় ওড়না বা কাপড় টেনে নেন। দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের অনেক পরিবারে এ অভ্যাস প্রচলিত। তবে আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি ইসলামে বাধ্যতামূলক? এ সময় মাথা খোলা থাকলে কি গুনাহ হয়? বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামি শরিয়তে শুধু আজান শোনার কারণে নারীদের মাথায় কাপড় দেওয়ার আলাদা কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, আজান চলাকালে মাথা না ঢাকলে তা নিজে থেকে গুনাহের কারণ হবে না। তবে গায়রে মাহরাম পুরুষের সামনে নারীদের পর্দা রক্ষা করা এবং শরীরের আবশ্যক অংশ আবৃত রাখা ইসলামের নির্দেশ। এই বিধান আজানের সময়ের সঙ্গে সম্পর্কিত নয়; বরং এটি পর্দার সাধারণ বিধান।
পবিত্র কোরআনের সুরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে তাঁর স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের চাদরের অংশ নিজেদের ওপর টেনে দেওয়ার নির্দেশ জানাতে বলেছেন। আয়াতে ব্যবহৃত ‘জিলবাব’ বলতে বাইরের এমন পোশাক বা চাদর বোঝানো হয়েছে, যা দিয়ে শরীর আবৃত করা হয়। এর মাধ্যমে নারীদের শালীনতা ও নিরাপত্তা রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।
একইভাবে সুরা নুরের ৩১ নম্বর আয়াতে মুমিন নারীদের দৃষ্টি সংযত রাখা, লজ্জাস্থান সংরক্ষণ করা এবং ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত রাখার নির্দেশ রয়েছে। এসব আয়াত থেকে গায়রে মাহরাম পুরুষের সামনে পর্দা রক্ষার গুরুত্ব স্পষ্ট হয়। তবে কোরআনের এসব নির্দেশনায় আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেওয়ার কোনো পৃথক বিধান উল্লেখ নেই।
আলেমদের ব্যাখ্যা কী
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, নারীদের জন্য গায়রে মাহরাম পুরুষের সামনে মাথা ও শরীরের আবশ্যক অংশ ঢেকে রাখা জরুরি। তবে ঘরে অবস্থান করার সময় আজান শুনেই মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয়। আজানের সঙ্গে মাথা ঢাকার বিশেষ কোনো সম্পর্ক নেই। যেসব পুরুষের সামনে পর্দা করা আবশ্যক, তাঁরা সামনে এলে মাথা ঢেকে রাখতে হবে।
ইসলামবিষয়ক ওয়েবসাইট ‘মুসলিম বাংলা’য় একই বিষয়ে শাইখ উমায়ের কোব্বাদীর ব্যাখ্যাতেও বলা হয়েছে, মাথায় কাপড় দেওয়া আজান-সংশ্লিষ্ট কোনো বিশেষ আমল নয়; এটি নারীদের পর্দার বিধানের অংশ। তবে কেউ আজানের প্রতি সম্মান ও ধর্মীয় অনুভূতি থেকে মাথায় কাপড় দিতে পারেন। একে ব্যক্তিগত অভ্যাস বা আল্লাহভীতির প্রকাশ হিসেবে দেখা যেতে পারে।
তাহলে নারীদের করণীয় কী
আজান শোনার সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক নয় এবং এ সময় মাথা খোলা থাকলেই গুনাহ হবে—এমন বিধানও নেই। তবে গায়রে মাহরাম পুরুষের উপস্থিতিতে পর্দার নিয়ম মেনে চলতে হবে। আজানের প্রতি সম্মান দেখাতে কেউ মাথায় কাপড় দিলে সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ ও অভ্যাস হতে পারে। কিন্তু এটিকে সবার জন্য বাধ্যতামূলক ধর্মীয় বিধান বা আজানের বিশেষ আমল হিসেবে প্রচার করা ঠিক নয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন