ব্যাডমিন্টন ও টেনিস শরীরচর্চার পাশাপাশি বেশ জনপ্রিয় দুটি খেলা। তবে দ্রুত দৌড়ানো, লাফানো, হঠাৎ দিক পরিবর্তন কিংবা জোরে র্যাকেট চালানোর কারণে খেলোয়াড়দের বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে। কনুইয়ের ব্যথা, গোড়ালি মচকে যাওয়া, কাঁধের পেশিতে আঘাত ও হাঁটুর সমস্যা এসব খেলার পরিচিত ইনজুরি। সময়মতো সঠিক ব্যবস্থা না নিলে ছোটখাটো আঘাতও পরবর্তী সময়ে বড় সমস্যার কারণ হতে পারে।
খেলাধুলার সময় শরীরের বিভিন্ন পেশি ও জয়েন্টের ওপর চাপ পড়ে। বিশেষ করে যারা নিয়মিত অনুশীলন করেন বা দীর্ঘ সময় খেলেন, তাঁদের ইনজুরির ঝুঁকি বেশি থাকে। তাই আঘাতের ধরন বুঝে প্রাথমিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
টেনিস এলবো বা কনুইয়ের ব্যথা
টেনিস খেলোয়াড়দের সবচেয়ে পরিচিত ইনজুরিগুলোর একটি হলো টেনিস এলবো। কনুইয়ের বাইরের অংশের পেশি ও টেন্ডনে অতিরিক্ত চাপ পড়লে এ সমস্যা দেখা দেয়। র্যাকেট দিয়ে বারবার বল আঘাত করা কিংবা ভুল কৌশলে খেলার কারণে কনুইয়ে ব্যথা হতে পারে।
এ ধরনের সমস্যা হলে প্রথমেই আক্রান্ত হাতকে বিশ্রাম দিতে হবে। কনুইয়ের ব্যথাযুক্ত স্থানে কাপড়ে মোড়ানো বরফের প্যাক ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ফোরআর্মের পেশি শক্তিশালী করার জন্য নির্দিষ্ট ব্যায়াম উপকারী হতে পারে। র্যাকেটের গ্রিপের আকার ঠিক রাখা এবং স্ট্রিংয়ের টান কমিয়ে রাখাও গুরুত্বপূর্ণ।
গোড়ালি মচকে গেলে যা করবেন
ব্যাডমিন্টন ও টেনিস খেলায় দ্রুত দিক পরিবর্তন এবং হঠাৎ থামার প্রয়োজন হয়। এ সময় পায়ের গোড়ালি মচকে যেতে পারে। এতে গোড়ালির লিগামেন্টে টান বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
এ ধরনের আঘাতে রাইস (RICE) পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এর মধ্যে রয়েছে বিশ্রাম (Rest), বরফ দেওয়া (Ice), চাপ দিয়ে রাখা (Compression) এবং আক্রান্ত পা উঁচু করে রাখা (Elevation)। পাশাপাশি গোড়ালিকে প্রয়োজনীয় সাপোর্ট দিতে ভালো মানের খেলার জুতা ব্যবহার করা উচিত। তীব্র ব্যথা, অতিরিক্ত ফোলা বা পায়ে ভর দিতে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কাঁধের ইনজুরি
টেনিসে সার্ভ করার সময় কিংবা ব্যাডমিন্টনে বারবার স্ম্যাশ ও শট খেলার কারণে কাঁধের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে রোটেটর কাফ ইনজুরি, টেন্ডোনাইটিস, ল্যাবরাম ইনজুরি কিংবা কাঁধের জয়েন্ট সরে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
কাঁধের পেশি ও পিঠ শক্তিশালী করতে নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করা প্রয়োজন। খেলার কৌশলে ভুল থাকলে পেশাদার কোচের সাহায্যে তা সংশোধন করতে হবে। ব্যথা হলে খেলা বন্ধ রেখে বিশ্রাম নিতে হবে এবং প্রয়োজনে বরফ ব্যবহার করতে হবে। ব্যথা বেশি হলে বা হাত নাড়াতে সমস্যা হলে অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হাঁটুব্যথা ও পেশির সমস্যা
দীর্ঘ সময় দৌড়ানো, লাফানো এবং শক্ত কোর্টে খেলার কারণে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে হাঁটুর টেন্ডনে প্রদাহ, লিগামেন্টে আঘাত কিংবা মেনিসকাসের সমস্যা হতে পারে।
এ ধরনের সমস্যা এড়াতে খেলার সময় ও তীব্রতা ধীরে ধীরে বাড়াতে হবে। পায়ের কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং পেশি শক্তিশালী করার ব্যায়াম করতে হবে। হাঁটুতে ব্যথা দেখা দিলে খেলা বন্ধ করে বিশ্রাম নেওয়া প্রয়োজন। ব্যথা বা ফোলা না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ইনজুরি এড়াতে সাধারণ সতর্কতা
খেলা শুরুর আগে অন্তত ১০ থেকে ১৫ মিনিট ওয়ার্মআপ ও স্ট্রেচিং করে শরীর প্রস্তুত করা জরুরি। খেলার উপযোগী জুতা ও সঠিক মাপের র্যাকেট ব্যবহার করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং শরীরের সক্ষমতার বাইরে গিয়ে অনুশীলন করা উচিত নয়।
মনে রাখতে হবে, খেলতে গিয়ে ব্যথা অনুভব করলে তা উপেক্ষা করে খেলা চালিয়ে যাওয়া ঠিক নয়। আঘাত গুরুতর হলে নিজে চিকিৎসা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন