চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বরুমতি ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খাঁনহাট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আ. ক. ম. মোজাম্মেল হক, সাবেক সদস্যসচিব মোরশেদুল আলম চৌধুরী, শ্রমিক দল নেতা নাছির উদ্দীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, লকডাউনের নামে সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে মাঠে থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে বিএনপি সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে আগামী এক মাস নেতা-কর্মীদের প্রতিদিন সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্যের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত নেতা-কর্মীরা। এ সময় ‘ফাঁসি চাই’ স্লোগানে খাঁনহাট চত্বর মুখরিত হয়ে ওঠে।